শ্রমিকদের পাওনা পরিশোধে দীর্ঘদিনের অবহেলা ও মালিকদের বিদেশে অবস্থানের অভিযোগে তিন পোশাক কারখানার শীর্ষ নির্বাহীদের বিরুদ্ধে ইন্টারপোলের ‘রেড নোটিশ’ জারির অনুরোধ পাঠানোর উদ্যোগ নিয়েছে সরকার। সংশ্লিষ্টরা হলেন টিএনজেড গ্রুপ–এর ব্যবস্থাপনা পরিচালক শাহাদাত হোসেন শামীম, ডির্ড গ্রুপ–এর চেয়ারম্যান ইত্তেমাদ উদ দৌলা ও ব্যবস্থাপনা পরিচালক নাবিল উদ দৌলা, এবং রোয়ার ফ্যাশন লিমিটেড–এর ব্যবস্থাপনা পরিচালক মামুনুল ইসলাম।
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় জানিয়েছে, গাজীপুর শ্রম আদালত এবং ঢাকার প্রথম ও তৃতীয় শ্রম আদালতে দায়েরকৃত মামলাগুলোর প্রেক্ষিতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে। মন্ত্রণালয়ের আবেদনের ভিত্তিতে পুলিশ সদর দপ্তরের ইন্টারপোল শাখা মালিকদের বিরুদ্ধে রেড নোটিশ জারির জন্য ইন্টারপোল কর্তৃপক্ষের কাছে আনুষ্ঠানিক অনুরোধ পাঠিয়েছে।
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেন, “শ্রমিকদের ন্যায্য দাবি নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। যারা শ্রমিকদের প্রতি অন্যায় আচরণ করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। শ্রম অধিকার ও প্রাসঙ্গিক আইন লঙ্ঘনের ঘটনায় আইনি পদক্ষেপ অব্যাহত রয়েছে।” তিনি আরও জানান, শ্রমিকদের বকেয়া বেতন–ভাতা ও সুযোগ–সুবিধা নিশ্চিত করতে অভিযুক্তদের দেশে ফিরিয়ে আনার লক্ষ্যে সরকার কাজ করছে।
আন্তর্জাতিক বিষয়ক প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফী সিদ্দিকী বলেন, “শ্রমিকদের বৈধ অধিকারের বিষয়ে মালিকপক্ষের অবহেলা বা অসহযোগিতা সহ্য করা হবে না। এ ধরনের আচরণের পরিণতি ভোগ করতেই হবে। শ্রম উপদেষ্টার দৃঢ় অবস্থান আমরা প্রশংসা করি।”
সরকারি সূত্র জানায়, ইন্টারপোলের রেড নোটিশ জারি হলে অভিযুক্তদের বৈশ্বিক গতিবিধি সীমিত হবে এবং প্রত্যার্পণ/আইনি প্রক্রিয়া ত্বরান্বিত করার পথ তৈরি হবে। মামলাগুলোর অগ্রগতি ও আন্তর্জাতিক যোগাযোগের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানানো হয়েছে।




