চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনালে (এনসিটি) একদিনে সর্বোচ্চ কনটেইনার হ্যান্ডলিং করে রেকর্ড গড়েছে চট্টগ্রাম ড্রাই ডক লিমিটেড (সিডিডিএল)।
বন্দর কর্তৃপক্ষের হিসাবে, বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকাল ৮টা থেকে পরের দিন সকাল ৮টা পর্যন্ত টানা ২৪ ঘণ্টায় এনসিটিতে মোট ৫,০১৯ টিইইউএস (TEUs) কনটেইনার হ্যান্ডলিং হয়। এর মধ্যে আমদানি ২,১০১ টিইইউএস এবং রফতানি ২,৯১৮ টিইইউএস—এটি একদিনে বন্দরের এখন পর্যন্ত সর্বোচ্চ হ্যান্ডলিং রেকর্ড।
গত ৭ জুলাই থেকে এনসিটি–২, ৩, ৪ ও ৫ নম্বর বার্থের অপারেটর হিসেবে দায়িত্ব নেয় সিডিডিএল। দায়িত্ব গ্রহণের পর থেকেই কনটেইনার হ্যান্ডলিংয়ের হার উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ। ১–২৮ আগস্ট সময়ে এনসিটির চার বার্থে মোট ১,০৯,২১৭ টিইইউএস হ্যান্ডলিং হয়েছে; প্রতিদিন গড়ে ৩,৯০৩ টিইইউএস, যা আগের তুলনায় প্রায় ৪০ শতাংশ বেশি।
এর আগে ২৬ আগস্ট প্রকাশিত বিশ্লেষণে দেখা যায়, সিডিডিএল দায়িত্ব নেওয়ার পর প্রথম ৪৯ দিনে ১,৭৪,৯৩১ টিইইউএস হ্যান্ডলিং হয়—একই সময়ে পূর্বের অপারেটরের হ্যান্ডলিং ছিল ১,১৯,২৭৬ টিইইউএস। অর্থাৎ মাত্র দেড় মাসে বৃদ্ধি প্রায় ৪৭ শতাংশ।
২০২০ থেকে ২০২৫ সালের (২০২২ বাদে) ২৮ আগস্ট–এর দিনভিত্তিক প্রতিবেদন বিশ্লেষণে দেখা যায়, এনসিটির গতি বাড়ায় পুরো বন্দরের দৈনিক হ্যান্ডলিং ৮.৯৪ শতাংশ পর্যন্ত বেড়েছে। চলতি বছরের একই তারিখে চট্টগ্রাম বন্দরের মোট হ্যান্ডলিং ছিল ৯,৩৯৫ টিইইউএস; যেখানে ২০২৪ সালে ৮,৫৫০, ২০২৩ সালে ৮,৫৬২, ২০২১ সালে ৮,৪৩৭ এবং ২০২০ সালে ৮,৬৭০ টিইইউএস হ্যান্ডলিং হয়—চার বছরের গড় ৮,৫৫৫ টিইইউএস।
চট্টগ্রাম ড্রাই ডক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কমোডর মো. বেনজির মাহমুদ বলেন, “চট্টগ্রাম বন্দর দেশের আমদানি–রফতানি বাণিজ্যের প্রাণকেন্দ্র। সিডিডিএল দায়িত্ব নেওয়ার পর থেকে এনসিটির কার্যক্রমে আমরা দক্ষতা ও গতি নিশ্চিত করার চেষ্টা করছি। রেকর্ড সংখ্যক কনটেইনার হ্যান্ডলিং আমাদের টিমওয়ার্ক ও সুষ্ঠু ব্যবস্থাপনারই প্রতিফলন। এ ধারাবাহিকতা দেশের বাণিজ্যকে আরও গতিশীল করবে এবং জাতীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে।”
তিনি আরও জানান, “আমাদের কর্মকর্তারা জাহাজ পয়েন্ট, ডেলিভারি পয়েন্ট, এপ্রাইজমেন্ট পয়েন্ট, সিএন্ডএফ শেড ও গেটসমূহে নিরলসভাবে কাজ করছেন—ফলে কনটেইনার হ্যান্ডলিংয়ের জটিলতা আগের তুলনায় অনেক কমেছে। এনসিটির সুশৃঙ্খল ও দক্ষ ব্যবস্থাপনা বিদেশি বিনিয়োগকারীদের আস্থাও বাড়াবে।”
অপারেটর বদলের পর এনসিটিতে দক্ষতা–নির্ভর অপারেশনের ফলেই একদিনে ৫,০১৯ টিইইউএস–এর রেকর্ড, মাসজুড়ে ধারাবাহিক উচ্চ হ্যান্ডলিং এবং বছরওয়ারি তুলনায় বন্দরের সামগ্রিক গতিবৃদ্ধি—সব মিলিয়ে চট্টগ্রাম বন্দরের কনটেইনার ব্যবস্থাপনায় ইতিবাচক ধারা স্পষ্ট।




