প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সে ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্যে চলতি মাসের প্রথম ২৭ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ২০৮ কোটি ৭০ লাখ ইউএস ডলার। এই হিসেবে প্রতিদিন গড়ে দেশে রেমিট্যান্স এসেছে ৭ কোটি ৭৩ লাখ ডলার।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বৃহস্পতিবার (২৮ আগস্ট) এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, আগস্টের প্রথম ২৭ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ২০৮ কোটি ৭০ লাখ ডলার। আর গত বছরের একই সময়ে এসেছিল ১৯৭ কোটি ১০ লাখ ডলার। বছর ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ৫ দশমিক ৯০ শতাংশ।
কেন্দ্রীয় ব্যাংক সূত্র বলছে, ১–২৭ আগস্ট পর্যন্ত প্রবাসী আয়ে ধারাবাহিক গতি বজায় রয়েছে। মাসের বাকি সময়ে প্রবাহ অব্যাহত থাকলে মাসিক হিসাব আরও বাড়বে বলে প্রত্যাশা।
এছাড়া গত ২৭ আগস্ট এক দিনে প্রবাসীরা দেশে ৮ কোটি ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন জানিয়ে তিনি বলেন, চলতি অর্থবছরের জুলাই থেকে ২৭ আগস্ট পর্যন্ত দেশে এসেছে ৪৫৬ কোটি ৫০ লাখ ডলার রেমিট্যান্স। বছর ব্যবধানে যা বেড়েছে ১৭ দশমিক ৫০ শতাংশ।
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ অনুসারে ২৪–২৮ আগস্ট সময়ে দেশের বৈদেশিক মুদ্রার মোট (গ্রস) রিজার্ভ দাঁড়িয়েছে প্রায় ৩০.৮৭ বিলিয়ন ডলার; আইএমএফের বিপিএম৬ পদ্ধতিতে ‘ব্যবহারযোগ্য’ রিজার্ভ প্রায় ২৬.০ বিলিয়ন ডলার।
গত জুলাইয়ে দেশে এসেছিল ২৪৭ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স। এর মধ্যে রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৫৪ কোটি ৭৬ লাখ ডলার ৩০ হাজার ডলার। এছাড়া বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে ২২ কোটি ৯২ লাখ ২০ হাজার ডলার, বেসরকারি ব্যাংকের মাধ্যমে ১৬৮ কোটি ৯৭ লাখ ৬০ হাজার ডলার ও বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১ কোটি ১৩ লাখ ডলার রেমিট্যান্স।




