ইনজুরি থেকে ফেরার পরই ঝলক দেখালেন লিওনেল মেসি। আর্জেন্টাইন সুপারস্টারের জোড়া গোলে অরল্যান্ডো সিটিকে ৩–১ ব্যবধানে হারিয়ে লিগস কাপের ফাইনালে উঠেছে ইন্টার মায়ামি।
বৃহস্পতিবার ভোরে চেজ স্টেডিয়ামে হওয়া সেমিফাইনালে প্রথমে এগিয়ে যায় অতিথি অরল্যান্ডো। যোগ করা সময়ে (৪৫+ মিনিট) ১৮ গজ দূর থেকে মারকো পাসালিচের শটে লিড নেয় তারা। দ্বিতীয়ার্ধজুড়ে সমতায় ফেরার চেষ্টা করে মায়ামি; তবে ৭৭ মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে সমতায় ফেরান অধিনায়ক মেসি।
শেষ দিকে আক্রমণ বাড়িয়ে দেয় স্বাগতিকরা। ৮৮ মিনিটে জর্দি আলবার পাস থেকে লক্ষ্যভেদ করে নিজের দ্বিতীয় গোল করেন মেসি, এতে ম্যাচে এগিয়ে যায় মায়ামি। যোগ করা সময়ে তেলাসকো সেগোভিয়া ব্যবধান বাড়িয়ে নিশ্চিত করেন স্বাগতিকদের জয়।
ইনজুরি শঙ্কায় এক ম্যাচ খেলে আবার দুই ম্যাচ বাইরে ছিলেন মেসি। মাঠে ফিরেই আটবারের ব্যালন ডি’অরজয়ী তারকার এই জোড়া গোল মায়ামিকে এনে দিল টানা দ্বিতীয় লিগস কাপ ফাইনাল।
মেজর লিগ সকার (এমএলএস) ও মেক্সিকোর লিগা এমএক্সের দলগুলো নিয়ে আয়োজিত এই আন্তঃসীমান্ত প্রতিযোগিতার প্রথম শিরোপা জিতেছিল মায়ামি ২০২৩ সালে, মেসির যোগদানের পরই। রবিবার (৩১ আগস্ট) ফাইনালে সিয়াটল সাউন্ডার্সের মুখোমুখি হবে ডেভিড বেকহামের ক্লাব ইন্টার মায়ামি। ম্যাচটি সিয়াটলের লুমেন ফিল্ডে রাত ৮টা (ET) শুরু হবে।




