বৃহস্পতিবার

,

২৬শে নভেম্বর, ২০২৬

খুরশীদ আলম–লীনু বিল্লাহর প্রথম দ্বৈত ‘বন্ধু ও ভাই’

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

দীর্ঘদিনের ঘনিষ্ঠ বন্ধু খুরশীদ আলম ও লীনু বিল্লাহ এবার একসঙ্গে কণ্ঠ দিলেন ফারুক আনোয়ারের লেখা গান ‘বন্ধু ও ভাই’–এ। সুর ও সংগীতায়োজনে আছেন সম্রাট আহমেদ।

নামের মধ্যেই ইঙ্গিত—এ গান মূলত বন্ধুত্ব, পারস্পরিক আস্থা আর পাশে থাকার প্রতিশ্রুতির গল্প বলে। দুই শিল্পীর ব্যক্তিগত বন্ধুত্ব এখানে কেবল প্রেক্ষাপট নয়; সেটাই হয়ে উঠেছে গানটির আবেগের প্রধান সুর।

সংগীতে দুজনের পথচলা পাঁচ দশকের বেশি সময়ের। দুজনেরই খুব ইচ্ছা ছিল একসঙ্গে গাওয়ার। এবার সেই ইচ্ছা পূরণ হলো।

সম্রাট আহমেদ বলেন, ‘দেশের বাইরে থাকেন ফারুক আনোয়ার। তিনি কিংবদন্তি দুই শিল্পীর সঙ্গে যোগাযোগ করে এবং তাঁদের পরামর্শ নিয়েই গানটি লেখেন। গানের কথা ভালো লাগে দুই শিল্পীর। এরপর সংগীতায়োজন শেষে রেকর্ডিং করেছি। সম্প্রতি গাজীপুরের একটি রিসোর্টে গানের ভিডিওর শুটিং করেছেন শিল্পীরা।’

খুরশীদ আলম বলেন, ‘গল্পের ছলে সাংবাদিকদের কাছে বলেছিলাম আমি আর লীনু একসঙ্গে গাইতে চাই। এ নিয়ে সংবাদ প্রকাশ করলে ফারুক আনোয়ারের নজরে আসে এবং শেষ পর্যন্ত আমাদের দুই বন্ধুর একটা স্বপ্ন পূরণ হয়ে যায়। ফারুক আনোয়ার ভালো লিখেছেন, ‌ সম্রাটও ভালো সুর করেছেন। আমরা দুজনেই খুব খুশি।’

ব্যক্তিগত সম্পর্কের আন্তরিকতা যখন সুর–শব্দ–বিন্যাসে ধরা পড়ে, তখন গান হয়ে ওঠে মানুষে মানুষে সেতুবন্ধ। ‘বন্ধু ও ভাই’ সেই সেতুবন্ধ–শ্রুতিরই এক নতুন অধ্যায়—যেখানে শিল্পী–বন্ধুত্ব আর লিরিক–সুর একটা একসুরে উচ্চারিত প্রতিশ্রুতি: পাশে থাকার।