আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফিন্যানশিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) ও একাধিক রাষ্ট্রীয় সংস্থার যৌথ অভিযানে গত এক বছরে দেশে মোট ১৭ হাজার ১০৯ কোটি টাকা জব্দ হয়েছে—দেশের ইতিহাসে অর্থ জব্দের ক্ষেত্রে এটি সবচেয়ে বড় অভিযান।
২০২৪ সালের আগস্ট থেকে ২০২৫ সালের ৩ আগস্ট পর্যন্ত ব্যাংকিং খাতের ১,৫৭৩টি হিসাব জব্দ করে প্রায় ১,৬৮০ কোটি টাকা ও ৩০ লাখ ইউএস ডলার (প্রায় ৩৬.৬ কোটি টাকা) আটকানো হয়; অর্থাৎ ব্যাংক হিসাব থেকেই জব্দ অর্থ দাঁড়ায় আনুমানিক ১,৭১৬ কোটি টাকা। একই সময়ে ১৮৮টি বিও (ডিম্যাট) হিসাব থেকে প্রায় ১৫ হাজার ৫০০ কোটি টাকার শেয়ার/নগদ জব্দ করা হয়।
বিএফআইইউ–এর তথ্যে আরও জানা গেছে, আওয়ামী লীগ সরকারের শেষ অর্থবছর ২০২৩–২৪–এ সন্দেহজনক লেনদেনের প্রতিবেদন (এসটিআর) ছিল ১৭,৩৪৫টি, যা আগের বছরে ছিল ১৪,১০৬—অর্থাৎ বেড়েছে প্রায় ২৩ শতাংশ।
গত ১৯ মে ফরেন সার্ভিস একাডেমিতে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর জানান, লুটপাটের মাধ্যমে আত্মসাৎ হওয়া অর্থ ও জব্দ শেয়ার নিয়ে একটি তহবিল করা হবে; এখান থেকে ক্ষতিগ্রস্ত ব্যাংকগুলো আমানতকারীদের টাকা পরিশোধে সহায়তা পাবে। অবৈধ উপার্জিত অর্থ দরিদ্র জনগোষ্ঠীর কল্যাণেও ব্যবহারের পরিকল্পনা রয়েছে।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, সিআইডি, এনবিআর, দুদক ও বিএফআইইউ যৌথভাবে অর্থপাচার তদন্ত করছে। এখন পর্যন্ত ১,৩০,৭৫৮ কোটি টাকার স্থাবর সম্পদ, ৪২,৬১৪ কোটি টাকার অস্থাবর সম্পদ এবং বিদেশে ১৬.৪ মিলিয়ন ডলার জব্দ হয়েছে। আন্তর্জাতিক সহায়তায় যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, মালয়েশিয়া, সংযুক্ত আরব আমিরাত, সিঙ্গাপুর ও আমেরিকায় প্রায় ৬ হাজার কোটি টাকার সমপরিমাণ বৈদেশিক মুদ্রা (এর মধ্যে ১৫৬ মিলিয়ন ডলার, ৪৬ মিলিয়ন পাউন্ড ও ২৯১ মিলিয়ন ইউরো) আটকানো হয়; মামলা ও তদন্ত চলায় অর্থ ফেরত পেতে সময় লাগবে।
এনবিআরের কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি) জানিয়েছে, ২০২৫ সালের জানুয়ারি–আগস্টে পাঁচ দেশের সাত শহরে প্রায় ৪০ হাজার কোটি টাকার পাচার হওয়া সম্পদের সন্ধান মিলেছে। আরও জানা গেছে, ৯টি দেশে অর্থের বিনিময়ে সংগ্রহ করা ৩৫২টি পাসপোর্ট শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত বিদেশে কেনা ৩৪৬টি স্থাবর সম্পদের খোঁজ পাওয়া গেছে—যা অফশোর কোম্পানি ও ট্রাস্টের আড়ালে থাকা থাকায় আইনি জটিলতা তৈরি করছে।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, অর্থপাচার রোধে টাস্কফোর্স গঠন, বিদেশি তদন্তকারী সংস্থার সহায়তায় প্রশিক্ষণ ও ব্যাংকগুলোতে ফরেনসিক অডিট শুরু হয়েছে। “অডিট শেষ হলে কোন ব্যাংক থেকে কত টাকা বাইরে গেছে—স্পষ্ট হবে; দেশে বিনিয়োগ হলে সেটিও আইনি প্রক্রিয়ায় রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে আনা হবে,” বলেন তিনি। ব্যাংকারদের মতে, সরকার পরিবর্তনের পর এই নজরদারি অর্থনীতিতে শৃঙ্খলা ফেরানোর ‘গুরুত্বপূর্ণ মোড়’।




