বাংলাদেশের বাজারে দীর্ঘদিন ধরে অস্থির থাকা পেঁয়াজের দামে অবশেষে স্বস্তির ইঙ্গিত মিলছে। একদিকে দেশি পেঁয়াজের সরবরাহ কমে যাওয়ায় দাম দ্রুত বাড়ছিল, অন্যদিকে ভারত থেকে আমদানির সরকারি অনুমতি ও চালান পৌঁছাতে শুরু করায় বাজারে দাম কমতে শুরু করেছে।
ব্যবসায়ীরা জানান, দেশি পেঁয়াজের দাম বাড়ার কারণে গত ১২ আগস্ট দুপুরে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে পেঁয়াজ আমদানির অনুমতি (আইপি) দেয়ার ইঙ্গিত দিয়েছিলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। এমনকি পেঁয়াজের দাম কমানো ও সরবরাহ বাড়াতে শুধু ভারত থেকে নয়, ব্যবসায়ীরা যেখান থেকে আমদানি করতে চাইবে, সেখান থেকেই অনুমতি দেওয়া হবে বলে জানান তিনি।
চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে সোমবার (১৮ আগস্ট) একদিনেই ৬১টি ট্রাকে ১ হাজার ৭৪০ টন পেঁয়াজ বাংলাদেশে প্রবেশ করেছে। বন্দর সূত্রে জানা গেছে, গত ১৪, ১৭ ও ১৮ আগস্ট—এই তিন দিনে মোট ৯২টি ট্রাকে ২ হাজার ৩৪৯ টন পেঁয়াজ এসেছে।
এর আগে গত ১৪ আগস্ট প্রথম দফায় ১০০ টন পেঁয়াজ সোনামসজিদ দিয়ে দেশে প্রবেশ করে। এছাড়া ১৭ আগস্ট দিনাজপুরের হিলি বন্দর দিয়ে ১৪৯ টন এবং সাতক্ষীরার ভোমরা বন্দর দিয়ে ৫০ টন পেঁয়াজ আসে। ফলে কয়েক দিনের ব্যবধানে ভারত থেকে বিপুল পরিমাণ পেঁয়াজ বাজারে যোগ হয়েছে।
এছাড়াও সোমবার (১৮ আগস্ট) থেকে বাজারে ঢুকতে শুরু করেছে চীনা ও পাকিস্তানি পেঁয়াজ। ফলে দাম আরও কমবে বলে মনে করছেন খুচরা ব্যবসায়ীরা।
আমদানির খবরে চট্টগ্রামের চাক্তাই-খাতুনগঞ্জ পাইকারি বাজারে দাম কেজিপ্রতি ১০ টাকা পর্যন্ত কমেছে। পাইকারি পর্যায়ে দেশি পেঁয়াজ বর্তমানে ৬০–৬৫ টাকায় বিক্রি হচ্ছে, যা কয়েকদিন আগেও ৭৫–৮০ টাকা ছিল। খুচরা বাজারেও দামে পরিবর্তন এসেছে; এখন কেজিপ্রতি দেশি পেঁয়াজ ৮০–৮৫ টাকায় বিক্রি হচ্ছে, যা দুই দিন আগেও ছিল ৯০–১০০ টাকা।
ব্যবসায়ীরা বলছেন, ভারতীয় পেঁয়াজ আসায় বাজারে মনস্তাত্ত্বিক চাপ তৈরি হয়েছে। ক্রেতারা দাম কমবে ভেবে কেনাকাটা কমিয়েছে, ফলে চাহিদা-সরবরাহের ভারসাম্যে দাম স্বাভাবিক হতে শুরু করেছে। তবে তারা মনে করেন, পর্যাপ্ত সরবরাহ অব্যাহত থাকলে দাম আরও কমবে।
ভোক্তারা এ পরিস্থিতিকে স্বস্তিদায়ক হিসেবে দেখছেন। চট্টগ্রামের ক্রেতা মনির হোসেন বলেন, “দুই দিন আগেও কেজিতে ৮০ টাকা দিয়ে পেঁয়াজ কিনেছি, আজ ৭০ টাকায় পেয়েছি। দাম আরও কমলে আমাদের জন্য ভালো হবে।”
খাতুনগঞ্জের ব্যবসায়ী হোসেন আলী জানান, “দুই দিন আগেও পাইকারিতে দেশি পেঁয়াজ ৭৫–৮০ টাকায় বিক্রি হয়েছে, আজ কমে ৬৫ টাকায় এসেছে। ভারতীয় পেঁয়াজ বেশি পরিমাণে এলে দাম আরও কমবে।”
সরকারি হিসাবে দেশে বছরে প্রায় ২২ লাখ টন পেঁয়াজের চাহিদা রয়েছে, যার মধ্যে প্রায় ১৮ লাখ টন দেশীয়ভাবে উৎপাদিত হয়। বাকিটা—প্রায় চার লাখ টন—আমদানির মাধ্যমে যোগ হয়, যা বাজারে বড় ধরনের প্রভাব ফেলে।




