বৃহস্পতিবার

,

২৬শে নভেম্বর, ২০২৬

বাংলাদেশে প্রথমবার প্রদর্শিত হবে ‘দ্য আইসক্রিম সেলার্স’

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

মিয়ানমারে রোহিঙ্গা গণহত্যার পর কক্সবাজারে আশ্রয় নেওয়া দুই ভাইবোনের জীবনসংগ্রামের গল্প নিয়ে নির্মিত ডকুমেন্টারি ফিল্ম ‘দ্য আইসক্রিম সেলার্স’ এবার প্রথমবার বাংলাদেশে প্রদর্শিত হবে। নির্মাতা সোহেল রহমানের এই চলচ্চিত্রটি এখন পর্যন্ত বিশ্বের ৪০টির বেশি বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানে প্রদর্শিত হয়েছে।

বাংলাদেশে চলচ্চিত্রটির প্রিমিয়ার অনুষ্ঠিত হবে শনিবার (১৬ আগস্ট) বিকেল ৫টায় ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) ক্যাম্পাস অডিটরিয়ামে, যেখানে প্রদর্শনের পর পরিচালক সোহেল রহমানের সঙ্গে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হবে।

ডকুমেন্টারির গল্পে দেখা যায়, কক্সবাজারের বিশ্বের বৃহত্তম শরণার্থীশিবিরে ঘুরে ঘুরে আইসক্রিম বিক্রি করে দুই ভাইবোন। তাদের একমাত্র উদ্দেশ্য হলো মিয়ানমারে বন্দী থাকা বাবার মুক্তির জন্য ঘুষের টাকা জোগাড় করা। চলচ্চিত্রে শিশুদের চোখে যুদ্ধ, বাস্তুচ্যুতি ও মানবিক বিপর্যয়ের হৃদয়বিদারক চিত্র ফুটিয়ে তোলা হয়েছে।

আন্তর্জাতিকভাবে চলচ্চিত্রটি বেশ সাড়া ফেলেছে। আমেরিকার সিয়াটলে অনুষ্ঠিত তাসভির সাউথ এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে এটি অডিয়েন্স চয়েস বেস্ট ফিচার ডকুমেন্টারি ফিল্ম অ্যাওয়ার্ড অর্জন করেছে। এছাড়া কানাডার মন্ট্রিয়লে সাউথ এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে বেস্ট ফিচার ডকুমেন্টারি ফিল্মসহ আরও কয়েকটি আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে।

বাংলাদেশে প্রদর্শনীর আয়োজন করছে ইউল্যাবের ফিল্ম অ্যাপ্রেন্টিসশিপ প্রোগ্রাম ‘সিনেমাস্কোপ’, যা চলচ্চিত্রের দর্শক এবং শিক্ষার্থীদের জন্য একটি বিশেষ অভিজ্ঞতা হিসেবে গণ্য হবে।