বৃহস্পতিবার

,

২৬শে নভেম্বর, ২০২৬

তায়কোয়ান্দো আন্তর্জাতিক চ্যাম্পিয়নশিপে ৩৬ পদক জিতল বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

থাইল্যান্ডের পাতায়ায় অনুষ্ঠিত অষ্টম হিরোজ তায়কোয়ান্দো আন্তর্জাতিক চ্যাম্পিয়নশিপ ২০২৫-এ দুর্দান্ত সাফল্য অর্জন করেছে বাংলাদেশ।

গত ৯-১০ আগস্ট ইস্টার্ন ন্যাশনাল স্পোর্টস ট্রেনিং সেন্টারে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে ২৭টি দেশের ৪ হাজারের বেশি প্রতিযোগীর সঙ্গে লড়াই করে লাল-সবুজের প্রতিনিধিরা মোট ৩৬টি পদক জয় করেন।

টি-১ (টিয়ার ১) র‌্যাংকিংভুক্ত এ প্রতিযোগিতায় অংশ নেয় জাপান, দক্ষিণ কোরিয়া, যুক্তরাজ্য, জার্মানি, অস্ট্রেলিয়া, রাশিয়া, যুক্তরাষ্ট্র, সংযুক্ত আরব আমিরাতসহ বিশ্বের শীর্ষ তায়কোয়ান্দো দলগুলো। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই আসরে ২৯ সদস্যের বাংলাদেশ দল অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে জিতেছে ১২টি স্বর্ণ, ৯টি রৌপ্য এবং ১৫টি ব্রোঞ্জ পদক—যা বিদেশের মাটিতে দেশের অন্যতম বড় তায়কোয়ান্দো সাফল্য।

সবচেয়ে বেশি পদক জিতেছে বনানী তায়কোয়ান্দো ক্লাব, যারা একাই সংগ্রহ করেছে ৮টি স্বর্ণ, ৬টি রৌপ্য ও ৬টি ব্রোঞ্জসহ মোট ২০টি পদক। বিশেষ করে ৬-৯ বছর বয়সী খুদে খেলোয়াড়দের নিয়ে গঠিত ‘টাইগার কাভস’ দলটি এ সাফল্যে গুরুত্বপূর্ণ অবদান রাখে।

এবারের জাতীয় দলে বনানী তায়কোয়ান্দো ক্লাব ছাড়াও মিরপুর-১০-এর ডাইনামিক তায়কোয়ান্দো ক্লাব, ধানমন্ডির চ্যাম্পিয়নস তায়কোয়ান্দো ক্লাব, উত্তরার বাংলাদেশ তায়কোয়ান্দো ট্রেনিং একাডেমি এবং তায়কোয়ান্দো ব্ল্যাক বেল্ট একাডেমির খেলোয়াড়রা অংশ নেন।