বাংলাদেশের টেলিভিশন নাটকের ইতিহাসে কিছু নাম সময়ের সীমানা পেরিয়ে কিংবদন্তি হয়ে ওঠে। তাদের মধ্যে দিলারা জামান ও আবুল হায়াত দুজনই জীবন্ত দৃষ্টান্ত। একুশে পদকে ভূষিত এই দুই শিল্পী বছরের পর বছর ধরে দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। এবার তারা একসঙ্গে হাজির হয়েছেন একটি বিশেষ নাটকে—‘বেলা ও বিকেল’।
নাটকের নামের মধ্যেই লুকিয়ে আছে এক ধরনের কাব্যিক ইঙ্গিত। এখানে ‘বেলা’ চরিত্রে অভিনয় করেছেন দিলারা জামান, আর ‘বিকেল’-এর ভূমিকায় আবুল হায়াত। সময়ের দুই প্রান্ত যেন মিলেছে এই গল্পে—যেখানে জীবনের অভিজ্ঞতা, সম্পর্কের উষ্ণতা এবং স্মৃতির ভার মিশে আছে।
গত ৫ ও ৬ আগস্ট রাজধানীর উত্তরার একটি শুটিং হাউস এবং আশপাশের জায়গায় সম্প্রতি নাটকের শুটিং সম্পন্ন হয়েছে। নাটকটির রচনা ও পরিচালনা করেছেন শরীফুল ইসলাম শামীম। তার ভাষায়, ‘বেলা ও বিকেল শুধুমাত্র একটি গল্প নয়, এটি সময়ের সাক্ষী হয়ে ওঠা দুই মানুষের যাপিত জীবনের কাব্য।’
আবুল হায়াত বলেন, ‘মূলত বেলা ও বিকেলের গল্প নিয়েই নাটকটি নির্মাণ হয়েছে। গল্পের প্রয়োজনে অন্যান্য চরিত্রও গুরুত্ব পেয়েছে। দিলারা ভাবির সঙ্গে বহু নাটকে একসঙ্গে অভিনয় করেছি। তবে নাটকের নাম ভূমিকায় এর আগে সম্ভবত আমরা একসঙ্গে কাজ করিনি। যে কারণে এ নাটকে কাজ করতেও বেশ ভালো লেগেছে। নাটকে নাবিলা, তানভীরও বেশ চমৎকার অভিনয় করেছে। সব মিলিয়ে পরিচালক শামীম চেষ্টা করেছে নাটকটি যত্ন নিয়ে নির্মাণ করতে। আশা করছি প্রচারে এলে ভালো লাগবে দর্শকের।’
দিলারা জামান বলেন, ‘এখনো সুস্থ আছি, ভালো আছি, নাটকে, সিনেমায়, বিজ্ঞাপনে কাজ করতে পারছি এটাই আসলে অনেক বড় বিষয়। কারণ বয়স তো আর কম হলো না। তার পরও ঠিকঠাক এখনো কাজ করতে পারছি, এটাই ভালো লাগার। শুধু তাই নয়, নির্মাতারা যে এখনো আমাকে নিয়ে ভাবেন, আগ্রহ নিয়ে কাজ করেন এটাই আসলে ভালো লাগার। শরীফুল ইসলাম শামীমের নির্দেশনায় বেলা ও বিকেল নাটকে কাজ করে বেশ ভালো লেগেছে। আমি বেলার ভূমিকায় অভিনয় করেছি। গল্পটা না হয় আপাতত নাইবা বললাম। নাটকটি প্রচারে এলেই না হয় দর্শক তা দেখতে পারবেন, জানতে পারবেন।’
শুধু দুই কিংবদন্তি নয়, নাটকটিতে যুক্ত হয়েছেন নতুন প্রজন্মের তারকা নাবিলা বিনতে ইসলাম ও গোলাম কিবরিয়া তানভীর। তাদের উপস্থিতি গল্পে এনে দিয়েছে প্রজন্মান্তরের সেতুবন্ধন, যা দর্শকদের কাছে নাটকটিকে আরও বাস্তব ও প্রাণবন্ত করে তুলবে।
টেলিভিশন নাটকে কিংবদন্তি অভিনেতা-অভিনেত্রীর উপস্থিতি সবসময়ই দর্শকের জন্য বাড়তি আনন্দের। তাতে যখন যোগ হয় হৃদয়স্পর্শী গল্প এবং দক্ষ নির্মাণ, তখন তা হয়ে ওঠে স্মরণীয়। অনেকেই ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে নাটকটি নিয়ে আগ্রহ প্রকাশ করেছেন।
‘বেলা ও বিকেল’ যেন শুধু একটি নাটক নয়, বরং দুই প্রজন্মের শিল্পীর একসঙ্গে অভিনয়ের বিরল মুহূর্ত—যা দর্শকদের মনে দীর্ঘদিন গেঁথে থাকবে।




