বৃহস্পতিবার

,

২৬শে নভেম্বর, ২০২৬

দেশের রিজার্ভ ৩০.৮৩ বিলিয়ন ডলার, রেমিট্যান্সে প্রবৃদ্ধি ২৯%

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যেও বাংলাদেশের অর্থনীতিকে টিকিয়ে রাখার অন্যতম প্রধান ভিত্তি হয়ে উঠেছে প্রবাসী আয় বা রেমিট্যান্স।

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ১৪ আগস্ট বৃহস্পতিবার পর্যন্ত দাঁড়িয়েছে ৩০.৮৩ বিলিয়ন ইউএস ডলার (গ্রস)। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম৬ হিসাব পদ্ধতিতে এ পরিমাণ ২৫.৮২ বিলিয়ন ডলার। তথ্যটি জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান।

বাংলাদেশ ব্যাংকের ফরেন অ্যাসেটস অ্যান্ড ট্রেজারি ম্যানেজমেন্ট বিভাগের তথ্য অনুযায়ী, সাম্প্রতিক সময়ে প্রবাসী আয়ের প্রবাহ এবং বৈদেশিক মুদ্রা আয়ের উৎসের বৈচিত্র্য রিজার্ভের স্থিতি ধরে রাখতে সহায়তা করছে। ১৩ আগস্ট একদিনে রেমিট্যান্স এসেছে ৯০ মিলিয়ন ডলার। চলতি মাসের প্রথম ১৩ দিনে (১–১৩ আগস্ট) মোট রেমিট্যান্স এসেছে ১.১৪৪ বিলিয়ন ডলার, যা গত বছরের একই সময়ে ছিল ৮৮৯ মিলিয়ন ডলার। ফলে বছরে প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ২৮.৬ শতাংশ।

২০২৫–২৬ অর্থবছরের প্রথম দেড় মাসে (জুলাই থেকে ১৩ আগস্ট) মোট প্রবাসী আয় দাঁড়িয়েছে ৩.৬২২ বিলিয়ন ডলার। গত অর্থবছরের একই সময়ে এ পরিমাণ ছিল ২.৮০৩ বিলিয়ন ডলার, যা বছরে ২৯.২ শতাংশ প্রবৃদ্ধি নির্দেশ করে।

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা আশা করছেন, প্রবাসী আয়ের এই ঊর্ধ্বমুখী ধারা বৈদেশিক মুদ্রাবাজারে চাপ কিছুটা কমাবে। রিজার্ভের স্থিতি উন্নত হলে আমদানি ব্যয় নির্বাহ সহজ হবে এবং মুদ্রা বিনিময় হারে স্থিতিশীলতা ফিরবে।

অর্থনীতিবিদদের মতে, বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যেও প্রবাসী আয় বাংলাদেশের অর্থনীতির জন্য প্রধান ভরসা হয়ে উঠেছে। মধ্যপ্রাচ্য ও ইউরোপমুখী শ্রমবাজারে কর্মসংস্থানের বৃদ্ধি এবং প্রণোদনা অব্যাহত থাকায় এই আয়ের প্রবাহ শক্তিশালী হয়েছে।