নারীসংগ্রামের কঠিন বাস্তবতা ও জীবনবোধকে কেন্দ্র করে ইংরেজি ভাষায় নির্মিত বাংলাদেশি সিনেমা ‘ডট’ পেয়েছে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের ছাড়পত্র। এর ফলে শিগগিরই প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে ছবিটি।
ছবির পরিচালনা করেছেন বড়ুয়া সুনন্দা কাঁকন, প্রযোজনা করেছেন বড়ুয়া মনোজিত ধীমন। দুই ঘণ্টা আট মিনিট দৈর্ঘ্যের এই চলচ্চিত্রে অভিনয় করেছেন বড়ুয়া মনোজিত ধীমন, মিষ্টি আক্তার, পরী, রাজিবুল ইসলাম, সোনিয়া পারভীন শাপলা, মামুন, মোস্তাফিজুর রহমান, কথা চৌধুরী, মাসুদ, কামরুল ইসলাম, তারিকুল ইসলাম তারেক, আব্দুল বারীক মুকুল ও সেন্ডি কুমারসহ আরও অনেকে।
নির্মাতা সুনন্দা কাঁকন জানিয়েছেন, সিনেমাটিতে নারীর সংগ্রাম, আত্মপরিচয় এবং বেঁচে থাকার লড়াইকে বাস্তবধর্মীভাবে তুলে ধরা হয়েছে।
প্রযোজক মনোজিত ধীমন বলেন, “সেন্সর বোর্ডের সদস্যরা ছবিটি দেখে প্রশংসা করেছেন। আমরা আশা করছি, মুক্তির পর দেশ-বিদেশে দর্শকদের কাছে ছবিটি ভালো লাগবে।”
‘ডট’ সিনেমাটি সামাজিক বাস্তবতাকে কেন্দ্র করে এক ভিন্নধর্মী কাহিনি বুনেছে। মুক্তির তারিখ শিগগিরই ঘোষণা করা হবে বলে জানিয়েছে নির্মাতা-প্রযোজনা দল।




