মাত্র ছয় বছর বয়সেই দুর্দান্ত ফুটবল দক্ষতা দেখিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছেন চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছোট্ট শিশু সোহান। তার অসাধারণ ড্রিবলিং, স্কিল আর বল নিয়ন্ত্রণ দেখে তাকে বলা হচ্ছে বাংলাদেশের ‘ক্ষুদে মেসি’। এবার এই ফুটবল প্রতিভার দায়িত্ব নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বৃহস্পতিবার সন্ধ্যায় জাতীয় দলের সাবেক সাফ জয়ী অধিনায়ক এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক সোহানের বাড়িতে যান। তিনি সোহানের হাতে ফুটবল খেলার সরঞ্জাম ও নগদ অর্থ তুলে দেন। আমিনুল হক জানান, তারেক রহমান সোহানের ভিডিও দেখে তাৎক্ষণিক সিদ্ধান্ত নেন তার পড়াশোনা ও খেলাধুলার সব ব্যয়ভার বহনের।
সোহান চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সাড়ে পাঁচআনি গ্রামের বাসিন্দা মোহাম্মদ সোহেল প্রধানের ছেলে। মাত্র আড়াই বছর বয়সে দাদার দেওয়া একটি ফুটবল থেকেই শুরু হয় তার খেলার পথচলা। বাবা সোহেল প্রধানের কাছ থেকে প্রতিদিনই সে প্রশিক্ষণ নিচ্ছে। সাড়ে পাঁচ বছর বয়সেই তার ফুটবল দক্ষতা তাক লাগিয়ে দিয়েছে এলাকার মানুষকে।
সোহানের বাবা বলেন, “আমার ছেলে আজ যথাযথ মূল্যায়ন পেয়েছে। তারেক রহমান ও আমিনুল হক আমাদের যেভাবে সম্মান দিয়েছেন, সেটা ভুলবার নয়। আশা করি, সবাই মিলে সহযোগিতা করলে আমার ছেলে একদিন দেশকে গর্বিত করবে।”

আমিনুল হক আরও জানান, সোহানের জন্য প্রতি মাসে সম্মানজনক আর্থিক সহায়তা প্রদান করা হবে। শুধু তাই নয়, দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পাঁচটি গুরুত্বপূর্ণ ইভেন্ট বাধ্যতামূলক করার উদ্যোগ নেওয়ার কথাও জানান তিনি—যেমন: অলিম্পিক, সাউথ এশিয়ান গেমস ও সাফ গেমস। এর মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ ও ক্রীড়াবান্ধব জাতি হিসেবে গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
এই উদ্যোগ নতুন প্রতিভাদের জন্য আশার আলো হিসেবে বিবেচিত হচ্ছে।




