বৃহস্পতিবার

,

২৬শে নভেম্বর, ২০২৬

দীর্ঘ অপেক্ষার পর জয়ের হাসি ক্যারিবীয় শিবিরে

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

অবশেষে জয় ফিরল ক্যারিবীয় শিবিরে। ফ্লোরিডার লডারহিলে দ্বিতীয় টি-টোয়েন্টিতে পাকিস্তানের বিপক্ষে ২ উইকেটের রোমাঞ্চকর জয় পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ক্রিকেটের সংক্ষিপ্ততম সংস্করণে টানা ছয় ম্যাচে হারের পর এই জয় তাদের জন্য বড় স্বস্তি।

ম্যাচের শেষ বলে নাটকীয় এক বাউন্ডারিতে জয় নিশ্চিত করেন জেসন হোল্ডার। শাহীন শাহ আফ্রিদির করা শেষ বলটি বাউন্ডারি পার করিয়েই জয়োৎসবে মাতে স্বাগতিকরা। শেষ ওভারে ৮ রানের দরকার ছিল ওয়েস্ট ইন্ডিজের। প্রথম ৫ বলে আসে মাত্র ৪ রান, সঙ্গে একটি উইকেট। ষষ্ঠ বলে ওয়াইড দেওয়ার পর জয় থেকে মাত্র ৩ রান দূরে দাঁড়িয়ে ছিল ক্যারিবীয়রা। এরপরই হোল্ডার (১৬*) দারুণ শট খেলে ম্যাচটি শেষ করেন।

এর আগে প্রথমে ব্যাট করে পাকিস্তান তুলেছিল মাত্র ১৩৩ রান। ওয়েস্ট ইন্ডিজের পক্ষে দুর্দান্ত বোলিং করেন হোল্ডার, মাত্র ১৯ রানে নেন ৪ উইকেট। এই পারফরম্যান্সের মাধ্যমে তিনি টি-টোয়েন্টি ফরম্যাটে ক্যারিবীয়দের পক্ষে সর্বোচ্চ উইকেট শিকারি হয়ে ওঠেন।

রান তাড়ায় ওয়েস্ট ইন্ডিজ একপর্যায়ে ৯৮ রানে ৭ উইকেট হারিয়ে বড় বিপদে পড়ে। তবে শেষদিকে হোল্ডারের দায়িত্বশীল ব্যাটিং দলকে জয় এনে দেয়। এই জয়ের মাধ্যমে তিন ম্যাচের সিরিজে ১-১ ব্যবধানে সমতায় ফিরল ওয়েস্ট ইন্ডিজ।