বৃহস্পতিবার

,

২৬শে নভেম্বর, ২০২৬

এশিয়া কাপের আগে বাংলাদেশ ‘এ’ দলের ওপর নজর বিসিবির

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

আসন্ন টি-টোয়েন্টি এশিয়া কাপকে সামনে রেখে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বাংলাদেশ ‘এ’ দলের পারফরম্যান্সের ওপর নিবিড় নজর রাখছে। বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম জানিয়েছেন, ‘এ’ দলের কয়েকজন খেলোয়াড় চমৎকার পারফর্ম করলে এশিয়া কাপের মূল দলে জায়গা পেতে পারেন।

ফাহিম বলেন, “এখানে এমন কিছু খেলোয়াড় রয়েছে, যারা মূল দলে জায়গা করে নিতে পারে। সবকিছুই নির্ভর করছে নির্বাচকদের ওপর। আমি নিশ্চিত না, তবে এক বা দু’জন খেলোয়াড় দলে ঢুকতে পারে।”

জাতীয় দলের ভবিষ্যতের কথা মাথায় রেখে হাই পারফরমেন্স ক্যাম্পেও বিশেষ নজর দিচ্ছে বিসিবি। ফাহিম আরও বলেন, “আমরা এমন ক্রিকেটার খুঁজছি যারা ভবিষ্যতে জাতীয় দলে জায়গা নিতে পারে এবং দলের শক্তি বাড়াতে পারে।”

তিন দলের অংশগ্রহণে অস্ট্রেলিয়ায় আয়োজিত টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ ‘এ’ দল। আগামী ১৪ আগস্ট শুরু হতে যাওয়া সিরিজে অন্য দলগুলো হচ্ছে— পাকিস্তান ‘এ’ দল, নেপাল জাতীয় দল এবং বিগ ব্যাশ লিগভিত্তিক একটি অস্ট্রেলিয়ান দল।

ফাহিম মনে করেন, যে কোনো দুর্দান্ত পারফরম্যান্স সহজেই নির্বাচকদের নজরে পড়ে। তিনি বলেন, “নির্বাচকদের মাথায় অবশ্যই জাতীয় দলের গঠন নিয়ে স্পষ্ট ধারণা আছে। তবে কেউ যদি এখন চমৎকার পারফর্ম করে, তাহলে তাকে দলে বিবেচনায় নেয়ার সুযোগ থাকে।”

এদিকে, সেপ্টেম্বরে অনুষ্ঠিতব্য এশিয়া কাপে বাংলাদেশ থাকবে গ্রুপ ‘বি’-তে। গ্রুপে টাইগারদের প্রতিপক্ষ হবে হংকং, শ্রীলঙ্কা ও আফগানিস্তান। গ্রুপ পর্বে বাংলাদেশ খেলবে ১১ সেপ্টেম্বর হংকংয়ের, ১৩ সেপ্টেম্বর শ্রীলঙ্কার এবং ১৬ সেপ্টেম্বর আফগানিস্তানের বিপক্ষে। শীর্ষ দুই দল সুপার ফোরে জায়গা পাবে।

বিসিবির কৌশল অনুযায়ী, সম্ভাবনাময় তরুণদের উঠে আসার সুযোগ তৈরি করাই এখন প্রধান লক্ষ্য। ‘এ’ দলের পারফরম্যান্স সেই চিত্রে বড় প্রভাব ফেলতে পারে।