বৃহস্পতিবার

,

২৬শে নভেম্বর, ২০২৬

আসিফ আকবরের কণ্ঠে এলো নতুন গান ‘যত ভালোবাসি তোরে’

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর আবারও হাজির হয়েছেন নতুন রোমান্টিক গান নিয়ে। শনিবার (২ আগস্ট) ইউটিউবে প্রকাশিত হয়েছে তার নতুন গান ‘যত ভালোবাসি তোরে’, যা ইতোমধ্যে শ্রোতা-দর্শকের মধ্যে সাড়া ফেলেছে।

গানটির কথা লিখেছেন প্রসেনজিত মণ্ডল। সুর ও সংগীত পরিচালনা করেছেন অমিত কর। মিউজিক ভিডিওটি প্রকাশ করেছে ‘ডিপি মিউজিক স্টেশন’ ইউটিউব চ্যানেল, যেখান থেকে এর আগেও জনপ্রিয় অনেক গান এসেছে। গানটির ভিডিও নির্মাণ করেছেন মোহন ইসলাম। ভিডিওতে মডেল হিসেবে অভিনয় করেছেন প্রিয়া অনন্যা ও নয়ন সানী।

গীতিকার প্রসেনজিত মণ্ডল বলেন, “আসিফ ভাইয়ের জন্য আগেও বেশ কিছু গান লিখেছি, যার বেশিরভাগই রোমান্টিক ধাঁচের। এ গানটিও সেই ধারায় তৈরি। শ্রোতারা আগের গানগুলো পছন্দ করেছিলেন, আমার বিশ্বাস এবারও হতাশ হবেন না।”

ভিডিওটিতে রয়েছে প্রেম-ভালোবাসার আবেগঘন উপস্থাপন। গানটির দৃশ্যায়ন হয়েছে সবুজ প্রকৃতির মনোরম লোকেশনে, যা গানের আবহের সঙ্গে সামঞ্জস্য রেখে দর্শকদের বাড়তি আকর্ষণ দিয়েছে।

প্রকাশের একদিনের মধ্যেই গানটি হাজার হাজার ভিউ অর্জন করেছে এবং ইউটিউবের কমেন্ট বক্সে ভক্তরা প্রশংসায় ভরিয়ে দিয়েছেন।

বাংলা গানের জগতে দীর্ঘদিন ধরে জনপ্রিয়তার সঙ্গে গান করে চলেছেন আসিফ আকবর। তার কণ্ঠে প্রেমের গান যেন শ্রোতাদের হৃদয়ে অনন্য রস জাগায়—নতুন এই গানটিও এর ব্যতিক্রম নয় বলেই মত সংগীতপ্রেমীদের।