অবশেষে বহু প্রতীক্ষার অবসান হলো বলিউড বাদশাহ শাহরুখ খানের জন্য। দীর্ঘ তিন দশকের ক্যারিয়ারে অসংখ্য হিট ও সুপারহিট ছবি উপহার দিলেও এবারই প্রথম ভারতের সর্বোচ্চ চলচ্চিত্র সম্মাননা জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করলেন তিনি।
৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার-এ সেরা অভিনেতা বিভাগে শাহরুখ খান বিজয়ী হয়েছেন তাঁর ব্লকবাস্টার সিনেমা ‘জওয়ান’‑এ অসাধারণ অভিনয়ের জন্য।
শুক্রবার (১ আগস্ট) নয়াদিল্লিতে আয়োজিত সংবাদ সম্মেলনে ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণা করে।
২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত জওয়ান সিনেমায় শাহরুখ একাধিক চরিত্রে অভিনয় করে দর্শক ও সমালোচকদের তাক লাগিয়ে দেন। একদিকে অ্যাকশন হিরো, অন্যদিকে আবেগপ্রবণ পিতা—সব চরিত্রেই নিজের পরিচয় চেনান তিনি।
পুরস্কার প্রাপ্তির পর শাহরুখ খান সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ আবেগঘন বার্তায় লেখেন, “এটি শুধু আমার নয়, আমার সমস্ত ভক্ত, পরিবার ও টিম ‘জওয়ান’-এর জন্য। এই স্বীকৃতির জন্য কৃতজ্ঞ।”
নেটদুনিয়ায় ভক্তদের উচ্ছ্বাসও ছিল চোখে পড়ার মতো। অনেকে লিখেছেন, “এই পুরস্কার তিনি অনেক আগেই পাওয়ার যোগ্য ছিলেন। অবশেষে ন্যায়বিচার হলো!”
শাহরুখ খানের প্রথম বলিউড সিনেমা ছিল ‘দিওয়ানা’ (১৯৯২)। এই ছবির মাধ্যমেই বড় পর্দায় পা রাখেন ‘কিং খান’। অভিনয়, স্টাইল ও রোমান্টিক অভিব্যক্তির মাধ্যমে অল্প সময়েই জায়গা করে নেন দর্শকের হৃদয়ে।
এরপর একের পর এক সুপারহিট ছবিতে অভিনয় করে তিনি হয়ে ওঠেন বলিউডের সবচেয়ে জনপ্রিয় ও প্রভাবশালী অভিনেতাদের একজন। ‘বাজিগর’, ‘দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে’, ‘কুচ কুচ হোতা হ্যায়’, ‘চাক দে! ইন্ডিয়া’, ‘মাই নেম ইজ খান’, ‘চেন্নাই এক্সপ্রেস’, ‘পাঠান’ এবং সর্বশেষ ‘জওয়ান’—এসব সিনেমা শুধু বক্স অফিসে সাফল্যই পায়নি, বরং শাহরুখকে করে তুলেছে এক জীবন্ত কিংবদন্তি।
প্রসঙ্গত, শাহরুখ খান এর আগে ফিল্মফেয়ারসহ অসংখ্য বেসরকারি পুরস্কার পেলেও এবারই প্রথম জাতীয় স্বীকৃতি পেলেন। এটি তাঁর ক্যারিয়ারে এক নতুন পালক হিসেবে যুক্ত হলো।
বলিউডের রাজপুত্র অবশেষে ভারতের রাষ্ট্রীয় মুকুটে সেরা অভিনেতার স্বীকৃতি পেলেন—এ যেন এক ইতিহাসের সাক্ষী হওয়া!




