জাতীয় বক্সিং চ্যাম্পিয়নশিপে প্রথমবার অংশ নিয়েই বাজিমাত করলেন নিউ ইয়র্কপ্রবাসী বক্সার জিনাত ফেরদৌস। নারীদের ৫২ কেজি ওজন শ্রেণিতে প্রতিদ্বন্দ্বিতা করে জিনাত জিতেছেন স্বর্ণপদক।
বৃহস্পতিবার (৩১ জুলাই) পল্টনের মোহাম্মদ আলী বক্সিং স্টেডিয়ামে অনুষ্ঠিত ৩১তম জাতীয় সিনিয়র পুরুষ ও ৭ম নারী বক্সিং চ্যাম্পিয়নশিপে গুডউইল বক্সিং ক্লাব (নরসিংদী)-এর হয়ে লড়েন তিনি।
সেমিফাইনালে বাংলাদেশ আর্মির আয়শা খাতুনকে পরাজিত করে ফাইনালে ওঠেন জিনাত। সেখানেও দারুণ আধিপত্য দেখিয়ে আনসারের আফরা খন্দকারকে হারিয়ে স্বর্ণ জিতে নেন। শুরু থেকেই আক্রমণাত্মক ভঙ্গিতে লড়াই করেন তিনি, প্রতিপক্ষকে কোনো সুযোগ না দিয়েই জয়ের বন্দরে পৌঁছান।
ম্যাচ শেষে আফরা বলেন, “তিনি (জিনাত) একজন ভালো খেলোয়াড়। তার বিপক্ষে খেলা আমার জন্য নতুন অভিজ্ঞতা। বিশেষ করে তার আক্রমণাত্মক স্কিল অসাধারণ।” তিনি আরও বলেন, “জিনাত বিদেশে অনুশীলন করে, তার সুবিধা অনেক বেশি। আমরাও যদি এমন সুযোগ পেতাম, আরও ভালো করতে পারতাম।”
অন্যদিকে, জয় পাওয়া জিনাত বলেন, “এটাই আমার প্রথমবার জাতীয় চ্যাম্পিয়নশিপে খেলা। সবাই যে এত সাপোর্ট করেছে, এটা আমার কাছে অনেক বড় পাওয়া। তবে এটাই শেষ নয়।”
তিনি আশাবাদী কণ্ঠে যোগ করেন, “বাংলাদেশের ছেলে-মেয়েরা যদি সুযোগ পায়, তারা অনেক ভালো করতে পারবে।” জিনাতের এই আত্মবিশ্বাস ও আফরার প্রতিক্রিয়া ভবিষ্যৎ নারী ক্রীড়াবিকাশে অনুপ্রেরণা জোগায়।
চ্যাম্পিয়নশিপের শুরুতেই জিনাতকে ঘিরে ছিল বিশেষ আগ্রহ। আমেরিকার নিউ ইয়র্কে বসবাসকারী এই বক্সার এর আগে আন্তর্জাতিক অঙ্গনেও সাফল্য পেয়েছেন। পর্তুগালে অনুষ্ঠিত ব্রাগা ওপেনসহ বিভিন্ন আন্তর্জাতিক টুর্নামেন্টে পদক জিতে বাংলাদেশের জন্য গর্ব বয়ে এনেছেন।
টুর্নামেন্টে আর্মি ও আনসার দল সর্বোচ্চ পদক জিতলেও, জিনাতের স্বর্ণপদক ছিল এবারের আসরের অন্যতম চমক। তাঁর পারফরম্যান্সে মুগ্ধ কোচ ও আয়োজকরাও।
আন্তর্জাতিক অভিজ্ঞতা আর আত্মবিশ্বাসকে কাজে লাগিয়ে দেশীয় অঙ্গনে নিজের শক্ত অবস্থান জানান দিয়েছেন জিনাত। বিশ্লেষকদের মতে, নারী বক্সিংয়ে তাঁর এই উত্থান ভবিষ্যতে আরও বড় অর্জনের বার্তা দিচ্ছে।
জিনাত ফেরদৌসের স্বর্ণ শুধু ব্যক্তিগত অর্জন নয়, বরং এটি বাংলাদেশের নারী ক্রীড়াঙ্গনের জন্যও এক অনুপ্রেরণার বার্তা।




