বৃহস্পতিবার

,

২৬শে নভেম্বর, ২০২৬

আবারও বক্সিং রিংয়ে সেলিমের স্বর্ণজয়

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

জাতীয় বক্সিং চ্যাম্পিয়নশিপে নিজের শ্রেষ্ঠত্ব ধরে রাখলেন সেনাবাহিনীর অভিজ্ঞ বক্সার সেলিম হোসেন। বুধবার (৩০ জুলাই) মোহাম্মদ আলী স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রতিযোগিতায় ৬৭ কেজি ওজন শ্রেণিতে খুলনার ইমন মেহেদী হাসানকে হারিয়ে স্বর্ণপদক জিতেছেন তিনি।

দ্বিতীয় রাউন্ডের শুরুতেই ইমনকে কাবু করে লড়াই শেষ করেন ৩৩ বছর বয়সী সেলিম। তবে তার জন্য সবচেয়ে কঠিন ছিল সেমিফাইনাল, যেখানে তাকে মুখোমুখি হতে হয়েছিল পেশাদার বক্সার আল আমিনের সঙ্গে। সেই ম্যাচে জিততে বেশ বেগ পেতে হয়েছিল এই অভিজ্ঞ বক্সারকে।

২০২৩ সালে হাংজু এশিয়ান গেমসে অল্পের জন্য পদকের লড়াইয়ে থাকতে পারেননি সেলিম। তবে দুই বছর পর আবার জাতীয় আসরে ফিরে নতুন ওজন শ্রেণিতেও নিজের জাত চিনিয়েছেন। আগের দুটি স্বর্ণপদক এসেছিল ৬০ কেজি শ্রেণিতে, এবার জয় এল ৬৭ কেজিতে।

বিজয়ের পর সেলিম বলেন, “এই পদকের পেছনে রয়েছে কঠোর পরিশ্রম, ঘাম আর আত্মত্যাগ। এটা শুধু আমার নয়, আমার কোচ, পরিবার ও দলের সম্মিলিত অর্জন।”

দলের প্রয়োজনেই এবার খেলতে হয়েছে উচ্চতর ওজন শ্রেণিতে। তবু আত্মবিশ্বাস হারাননি সেলিম। বললেন, “মিশনে থাকলেও প্রতিদিন অনুশীলন করেছি। সামনে এসএ গেমস, এখন থেকে সেখানেই লক্ষ্য।”

টানা তিনটি জাতীয় আসরে সোনার পদক জয় করে বক্সিংয়ে নিজের অবস্থান আরও মজবুত করলেন সেলিম হোসেন। সামনে আন্তর্জাতিক মঞ্চে সাফল্যের লক্ষ্য নিয়ে এগিয়ে চলেছেন তিনি।