ঢাকার ধানমণ্ডি থানায় প্রতারণা ও চাঁদাবাজির মামলায় আলোচিত মডেল মেঘনা আলমের পাসপোর্ট, মোবাইল, ল্যাপটপসহ জব্দ করা জিনিসপত্রের ফরেনসিক বিশ্লেষণের নির্দেশ দিয়েছেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম এ আজহারুল ইসলাম।
মঙ্গলবার আদালতে হাজিরা শেষে মেঘনা তার জিনিসপত্র নিজ জিম্মায় চেয়ে আবেদন করলে বিচারক তদন্ত কর্মকর্তাকে ৩১ আগস্টের মধ্যে এসব সরঞ্জামের ফরেনসিক রিপোর্ট দিতে বলেন এবং জানতে চান, কেন এগুলো জিম্মায় ফেরত দেওয়া যাবে না।
মেঘনা আলমের আবেদন অনুযায়ী তার পাসপোর্ট, আইফোন ১৬ প্রো, ম্যাকবুক, অপো মোবাইল ও ল্যাপটপ জব্দ রয়েছে। এগুলো ফেরতের পক্ষে তিনি আইনজীবীর মাধ্যমে যুক্তি দেন। তবে রাষ্ট্রপক্ষ ফরেনসিক বিশ্লেষণের প্রয়োজনীয়তা তুলে ধরে তার জিম্মার বিরোধিতা করে।
এর আগে, গত ১০ এপ্রিল বিশেষ ক্ষমতা আইনে মেঘনা আলমকে ৩০ দিনের জন্য আটক করা হয়। তবে পরে সে আদেশ বাতিল হয়। ১৭ এপ্রিল ধানমণ্ডি থানার মামলায় তাকে পুনরায় গ্রেফতার দেখানো হয় এবং ২৮ এপ্রিল তার জামিন মঞ্জুর হলে পরদিন তিনি কারামুক্ত হন।
মামলার এজাহারে বলা হয়, মেঘনা আলম ও দেওয়ান সমিরসহ ২–৩ জন একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের সক্রিয় সদস্য। তারা সুন্দরী তরুণীদের ব্যবহার করে বাংলাদেশে কর্মরত বিদেশি কূটনীতিক, প্রতিনিধি ও ধনাঢ্য ব্যবসায়ীদের প্রেমের ফাঁদে ফেলে, এরপর গোপন সম্পর্ক স্থাপন করে এবং পরে সম্মানহানির ভয় দেখিয়ে অর্থ আদায় করে আসছিল।
সহ-অভিযুক্ত দেওয়ান সমির ‘কাওয়াই গ্রুপ’ নামক ব্যবসা প্রতিষ্ঠানের সিইও এবং ‘সানজানা ইন্টারন্যাশনাল’ নামে একটি ম্যানপাওয়ার কোম্পানির মালিক। এর আগে তিনি ‘মিরআই ইন্টারন্যাশনাল ইভেন্ট ম্যানেজমেন্ট’ নামে আরেকটি প্রতিষ্ঠান চালাতেন, যেখানে আকর্ষণীয় তরুণীদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিয়োগ দিয়ে বিদেশি ব্যক্তিদের কাছে সহজ যাতায়াত নিশ্চিত করতেন। এসব কর্মকাণ্ডের মাধ্যমে তারা পরিকল্পিতভাবে প্রতারণা চালিয়ে আসছিল বলে অভিযোগে বলা হয়।
আদালতের পরবর্তী শুনানি ৩১ আগস্ট ধার্য রয়েছে। তদন্তে এসব তথ্য যাচাই করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।




