বৃহস্পতিবার

,

২৬শে নভেম্বর, ২০২৬

জয়ের ধারাবাহিকতায় অনূর্ধ্ব-১৯ বাংলাদেশ দল

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। দক্ষিণ আফ্রিকার পর এবার হারারেতে তারা জিম্বাবুয়েকে হারিয়েছে ৯১ রানের বড় ব্যবধানে।

প্রথমে ব্যাট করে বাংলাদেশ তোলে ৮ উইকেটে ২৭৪ রান। জবাবে জিম্বাবুয়ে অনূর্ধ্ব-১৯ দল বাংলাদেশের সুনিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে ৪২.২ ওভারে ১৮৩ রানে অলআউট হয়ে যায়।

টস হেরে ব্যাট করতে নেমে দারুণ শুরু এনে দেন দুই ওপেনার জাওয়াদ আবরার ও রিফাত বেগ। তাঁরা গড়েন ৭০ রানের জুটি। ৩১ রান করে রিফাত বিদায় নিলেও আবরার খেলেন ৮৩ বলে ৮২ রানের দুর্দান্ত ইনিংস, যাতে ছিল ১২টি চারের পাশাপাশি একটি ছক্কা। অধিনায়ক আজিজুল হাকিমের সঙ্গে তাঁর জুটি হয় আরও ৭৭ রানের। আজিজুল ৩৪ রান করে আউট হলে কিছুটা ধস নামে বাংলাদেশের ইনিংসে। মাত্র ৫ রানের ব্যবধানে ৪ উইকেট হারিয়ে দল পড়ে চাপের মুখে।

তবে পরিস্থিতি সামাল দেন মোহাম্মদ আবদুল্লাহ। তাঁর হার না মানা ৫৬ রানের ইনিংসে (৬৪ বল, ৪ চার, ১ ছয়) ভর করে বাংলাদেশ পাড়ি দেয় ২৭০ রানের গণ্ডি।

জিম্বাবুয়ে রান তাড়ায় শুরুটা ভালো করেছিল। ১ উইকেটে ৯৮ রান তুলে ফেললেও এরপর হঠাৎ ছন্দপতন ঘটে। ওপেনার নাথানিয়েল লাবাঙ্গারা ৭২ বলে ৫৩ রান করলেও বাকি ব্যাটাররা কেউই ৩০ পার করতে পারেননি।

বাংলাদেশের বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন সামিউন বশির। আগের ম্যাচে দলের জয়ের নায়ক এই পেসার এবারও নেন ৩ উইকেট মাত্র ১৪ রানে। আল ফাহাদ ও আজিজুল হাকিম পান ২টি করে উইকেট।

এই জয়ে ২ ম্যাচে ২ জয় নিয়ে সিরিজে ভালো অবস্থানে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।