বৃহস্পতিবার

,

২৬শে নভেম্বর, ২০২৬

জুলাইয়ের প্রথম ২৬ দিনে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ২৩.৯৭ শতাংশ

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

জুলাই মাসের প্রথম ২৬ দিনে রেমিট্যান্স প্রবাহ উল্লেখযোগ্যভাবে ২৩.৯৭ শতাংশ বৃদ্ধি পেয়ে ১ হাজার ৯৩৩ মিলিয়ন ইউএস ডলারে পৌঁছেছে বলে বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদনে উঠে এসেছে।

গত বছরের একই সময়ে, দেশের রেমিট্যান্স প্রবাহ ছিল ১ হাজার ৫৫৯ মিলিয়ন ডলার।

প্রতিবেদন থেকে জানা যায়, চলতি (২০২৫-২৬) অর্থবছরের প্রথম মাস জুলাইয়ের প্রথম ২৬ দিনে ১৯৩ কোটি ৩০ লাখ (প্রায় ১.৯৩ বিলিয়ন) ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা।

প্রবাসী বাংলাদেশিরা ২০২৪-২৫ অর্থবছরে রেকর্ড পরিমাণ ৩০.৩৩ বিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন, যা দেশের ইতিহাসে এক অর্থবছরে প্রাপ্ত সর্বোচ্চ পরিমাণ।

পূর্ববর্তী অর্থবছরে (অর্থবছর ২০২৩-২৪) প্রাপ্ত ২৩.৯১ বিলিয়ন ডলারের তুলনায় রেমিটেন্স প্রবাহ ২৬.৮০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

বাংলাদেশে রেমিট্যান্স প্রবাহের ক্ষেত্রে সবচেয়ে বড় অবদান রাখছে মধ্যপ্রাচ্যের দেশগুলো। বাংলাদেশ ব্যাংক ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সর্বশেষ পরিসংখ্যান বলছে, ২০২৪-২৫ অর্থবছরে দেশের মোট রেমিট্যান্সের একটি বড় অংশ এসেছে সৌদি আরব থেকে।

সৌদি আরব থেকে পাঠানো রেমিট্যান্সের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৪.৮ বিলিয়ন ইউএস ডলার, যা দেশের মোট রেমিট্যান্স আয়ের প্রায় এক-চতুর্থাংশ। দ্বিতীয় অবস্থানে রয়েছে আমেরিকা, যেখানে বসবাসরত বাংলাদেশি প্রবাসীরা পাঠিয়েছেন আনুমানিক ২.৭ বিলিয়ন ডলার।

তালিকার তৃতীয় স্থানে রয়েছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই), যেখান থেকে এসেছে প্রায় ২.৩ বিলিয়ন ডলার। এরপর যথাক্রমে যুক্তরাজ্য, কুয়েত, ওমান, কাতার, ইতালি, মালয়েশিয়া ও বাহরাইন থেকেও উল্লেখযোগ্য অঙ্কের বৈদেশিক মুদ্রা দেশে এসেছে।

বিশ্লেষকরা বলছেন, প্রবাসী আয় বাংলাদেশের বৈদেশিক মুদ্রার অন্যতম প্রধান উৎস। তারা মনে করছেন, নতুন শ্রমবাজারে প্রবেশ, বৈধ চ্যানেলে রেমিট্যান্স পাঠানোর উদ্যোগ এবং ডিজিটাল ট্রান্সফার সেবার প্রসারে ভবিষ্যতে এ ধারা আরও বাড়তে পারে।