বাংলাদেশের শোবিজ অঙ্গনের পরিচিত মুখ মৌ শিখা। এক সময় যিনি ছিলেন টেলিভিশনের নিয়মিত উপস্থিতি, আজ তিনিই সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অভিনয়জীবন নিয়ে প্রশ্ন তুলেছেন। দীর্ঘ ২৫ বছরেরও বেশি সময় ধরে ছোট পর্দায় কাজ করছেন তিনি, কিন্তু শুক্রবার রাতে এক ফেসবুক স্ট্যাটাসে তার হতাশা ও ক্ষোভ স্পষ্টভাবে প্রকাশ পেয়েছে।
তিনি লেখেন, ‘আমি মৌ শিখা। অনেক বছর থেকে অভিনয় করে আসছি। এত দিন নিজেকে অভিনেত্রী হিসেবেই জানতাম, কিন্তু আড়াই মাস ধরে নিজেকে অভিনেত্রী ভাবতে লজ্জা হচ্ছে। আগে যেখানে মাসে ১৫ থেকে ২০ দিন কাজ করতাম, সেখানে আড়াই মাস যাবৎ মাসে চার-পাঁচ দিন কাজ করছি। তাহলে কিভাবে মনে হবে আমি অভিনয়শিল্পী? অভিনয় করেই আমার সংসার চলে। তবে আমি জানি, বেঁচে থাকতে আমার মূল্যায়ন করা না হলেও আমার মৃত্যুর পর কিছু মানুষ হলেও আমাকে মনে রাখবে। হয়তো বলবে আহারে, মহিলা তো কত ভালো ছিল, কত সহজ-সরল ছিল, কারো সাতপাঁচে ছিল না, কারো সামনে-পিছনে ছিল না। আহারে মহিলাটার আত্মার শান্তি পাক!’
তিনি আরো লেখেন, ‘বেঁচে থাকতেই দেখে যেতে চাই আমার মূল্যায়ন হচ্ছে, কিন্তু সেটা কি আদৌ দেখে যেতে পারব, জানি না। তবে আমার অনুরোধ, আমি মরে গেলে দয়া করে কেউ আফসোস করবেন না, আমাকে মনে করারও কোনো দরকার নেই।’
মৌ শিখার স্ট্যাটাসে অনেক সহশিল্পী সহমর্মিতা প্রকাশ করেছেন। জনপ্রিয় অভিনেত্রী মনিরা মিঠু সেই পোস্ট শেয়ার করে মৌ শিখার পাশে থাকার আহ্বান জানান সবাইকে।
মৌ শিখার এই কথায় অনেক শিল্পীর মনের কথাই যেন উঠে এসেছে। জীবনের শেষে নয়, শিল্পী বেঁচে থাকতে তার শ্রম, প্রতিভা ও অবদানের স্বীকৃতি পাওয়াই হওয়া উচিত সমাজের দায়িত্ব।
বাংলাদেশের অভিনয়জগতে অনেক অভিজ্ঞ ও গুণী শিল্পী রয়েছেন, যারা বছর বছর কাজ করে গেছেন কিন্তু পাননি কোনো স্থিতিশীলতা বা ভবিষ্যৎ নিরাপত্তা। অনেকেই বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কাজ হারিয়ে ফেলেন, সম্মানী কমে যায়, অথবা একেবারেই শোবিজ থেকে মুছে যান।
মৌ শিখার স্ট্যাটাস কেবল একজন শিল্পীর কষ্টের কথা নয়; এটি একটি শিল্পাঙ্গনের কাঠামোগত বৈষম্য, অবহেলা এবং স্বীকৃতির অভাবের প্রতিফলন। তার মতো শিল্পীদের জীবন আমাদের স্মরণ করিয়ে দেয়—শিল্প শুধুই বিনোদন নয়, এটি জীবিকা, সম্মান এবং আত্মপরিচয়ের উৎস। আর সে জায়গায় সমাজ, প্রযোজক, পরিচালক ও সংশ্লিষ্টদের দায়িত্ব আরও বড়।




