বৃহস্পতিবার

,

২৬শে নভেম্বর, ২০২৬

আমদানি-রপ্তানি ঝামেলাহীন করতে এনবিআর-এ যুক্ত হচ্ছে আধুনিক সফটওয়্যার

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

ব্যবসায়ীদের আমদানি-রপ্তানি কার্যক্রমকে আরও সহজ ও ঝামেলাহীন করতে বেশকিছু উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান জানিয়েছেন, আমদানি-রপ্তানিতে ব্যবহৃত কাস্টমস সফটওয়্যার ‘অ্যাসাইকুডা ওয়ার্ল্ড’-এর প্রতি ব্যবসায়ীদের আস্থাহীনতার কারণে বিকল্প হিসেবে একটি আধুনিক সফটওয়্যার তৈরি করা হচ্ছে।

শুক্রবার চট্টগ্রাম কাস্টম হাউসে কাস্টম কর্মকর্তা এবং অংশীজনদের সঙ্গে এক বৈঠকে এনবিআর চেয়ারম্যানের বক্তব্যে এসব বিষয় জানা যায়।

তিনি বলেন, এই মডার্ন সফটওয়্যারটি আগামী এক বছরের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রমে যুক্ত হবে, যার ফলে ব্যবসায়ীদের ভোগান্তি শতভাগ কমে আসবে।

শুল্কায়নে নতুন সফটওয়্যারের বিষয়ে এনবিআর চেয়ারম্যান বলেন, ‘বিশ্বের বিভিন্ন দেশ যারা এ্যাসাইকুডা ওয়ার্ল্ড সিস্টেম ব্যবহার না করে অন্যান্য যেসব সফটওয়্যার ব্যবহার করে শুল্কায়ন করে আমরা সেসব দেশের সঙ্গে যোগাযোগ করব।’

তিনি বলেন, ‘সবচেয়ে মডার্ন টেকনোলজি এনে আমরা নতুন সফটওয়্যার তৈরি করার উদ্যোগ নিয়েছি। যাতে কোনো অবস্থাতেই সফটওয়্যার স্লো না হয়। কাজের ব্যাঘাত না ঘটে। শুরুতে কয়েকটি শুল্ক স্টেশনে পরীক্ষামূলকভাবে এই প্রয়োগ করব। পুরো প্রক্রিয়া সম্পন্ন হতে অন্তত দুই বছর সময় লাগবে।’

আব্দুর রহমান খান বলেন, চট্টগ্রামে আমরা তিনটি আইকনিক ভবন নির্মাণের উদ্যোগ নিয়েছি। এর মধ্যে রয়েছে চট্টগ্রাম কাস্টম হাউসের নতুন ভবন। এই ভবন নির্মাণের প্রস্তুতি চূড়ান্ত হয়েছে। ভবন নির্মাণ শুরু হলে চট্টগ্রাম কাস্টম হাউসের কার্যক্রম আগ্রবাদের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে স্থানান্তর করা হবে। সব ব্যবসায়ীর আগ্রাবাদ বেইজড অফিস। সুতরায় কাস্টম হাউসের কার্যক্রম কয়েক বছরের জন্য স্থানান্তর হলে ব্যবসায়ীরা উপকৃত হবে।

তিনি আরও বলেন, এছাড়া কাস্টম একাডেমিতে নতুন একটি ভবন নির্মাণ করা হবে। আগ্রাবাদে নির্মাণ করা হবে নতুন কর ভবন। শিগগিরই এই তিনটি ভবনের কাজ শুরু হবে।

এনবিআর চেয়ারম্যান বলেন, অফডককে জনপ্রিয় করতে হবে। চট্টগ্রাম বন্দর চাচ্ছে বন্দর থেকে শতভাগ ডেলিভারি কার্যক্রম আইসিডি থেকে দেওয়ার জন্য। এটি নৌ পরিবহন উপদেষ্টা এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের চাওয়া। প্রায় ৭ হাজার এইচএস কোডের পণ্য ডেলিভারি দেওয়া হয়। এর মধ্যে মাত্র ৬৬টি আইটেমের পণ্য ডিপো থেকে ডেলিভারি দেওয়া হয়।

তিনি বলেন, অহেতুক ব্যবসায়ীদের হয়রানি করা যাবে না। আমাদের মূল ফোকাস থাকবে ট্রেড ফ্যাসিলিটেশন। যারা কর ফাঁকি দিয়ে জনগণকে ঠকাবে তাদের বিরুদ্ধেও আমরা ব্যবস্থা নেব। ব্যবসায়ীরা যাতে বিড়ম্বনার শিকার না হয় সেটি হবে আমাদের মূল প্রতিপাদ্য।

মতবিনিময় সভায় এনবিআর সদস্য মোয়াজ্জম হোসেন, কাজী মোস্তাফিজুর রহমান, মুবিনুল কবির, চট্টগ্রাম কাস্টম হাউসের কমিশনার শফি উদ্দিনসহ কাস্টম কর্মকর্তা সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।