বৃহস্পতিবার

,

২৬শে নভেম্বর, ২০২৬

আমেরিকার সঙ্গে বাংলাদেশের চূড়ান্ত শুল্ক আলোচনা ২৯ জুলাই

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

বাংলাদেশ ও আমেরিকার মধ্যে তৃতীয় ও চূড়ান্ত পর্যায়ের শুল্ক আলোচনা আগামী ২৯ জুলাই অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান।

তিনি জানান, আমেরিকার প্রধান বাণিজ্য আলোচনাকারী সংস্থা ইউনাইটেড স্টেটস ট্রেড রিপ্রেজেন্টেটিভ (ইউএসটিআর) বাংলাদেশকে ওইদিন ওয়াশিংটন ডিসিতে তাদের অফিসে আলোচনা অনুষ্ঠানের জন্য আমন্ত্রণ জানিয়েছে।

সচিব আরও জানান, বাংলাদেশ ২২ জুলাই ইউএসটিআর-এর কাছে নিজেদের অবস্থানপত্র পাঠায় এবং ২৬ জুলাই চূড়ান্ত আলোচনা শুরুর প্রস্তাব দেয়। তবে ইউএসটিআর ২৯ জুলাই দিনটি চূড়ান্ত করে।

আলোচনায় অংশ নিতে বাংলাদেশ প্রতিনিধি দল ২৭ জুলাই আমেরিকার উদ্দেশ্যে রওনা দেবে। যদিও বৈঠকটি ভার্চুয়ালি অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনাও রয়েছে বলে জানিয়েছেন তিনি।

বাংলাদেশ দলের নেতৃত্ব দেবেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। এই দফায় বেসরকারি খাতের কয়েকজন রপ্তানিকারক প্রতিনিধি দলের সঙ্গে থাকবেন, তবে তারা সরকারি আলোচনায় অংশ নেবেন না।

সচিব মাহবুবুর রহমান আশা প্রকাশ করে বলেন, এবারের আলোচনার মাধ্যমে আমেরিকা বাংলাদেশের জন্য বিদ্যমান ৩৫ শতাংশ শুল্ক হার হ্রাস করতে পারে। কারণ, ইতোমধ্যে আমেরিকার জাপানের জন্য ১৫%, ইন্দোনেশিয়ার জন্য ১৯%, ভিয়েতনামের জন্য ২০% এবং ফিলিপাইনের জন্য ১৯% হারে শুল্ক নির্ধারণ করেছে।

তিনি আরও জানান, ইউএসটিআর-এর সঙ্গে আলোচনার অগ্রগতি সন্তোষজনক এবং বাংলাদেশও উল্লেখযোগ্য শুল্ক ছাড় পেতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেন।

বাংলাদেশ ইতোমধ্যে আমেরিকার পণ্য—যেমন তুলা, গম, তরল প্রাকৃতিক গ্যাস (এলএনজি), বিমান এবং অন্যান্য কৃষিপণ্য—শুল্কমুক্ত আমদানির প্রস্তাব দিয়েছে। আমেরিকা থেকে আমদানি বাড়াতে বাংলাদেশ ২০ জুলাই দেশটির গম সরবরাহকারীদের সঙ্গে ৭ লাখ টন গম আমদানির চুক্তি স্বাক্ষর করেছে।