বৃহস্পতিবার

,

২৬শে নভেম্বর, ২০২৬

আমেরিকা থেকে ২ লাখ ২০ হাজার টন গম আমদানির উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

আমেরিকা থেকে জিটুজি পদ্ধতিতে দুই লাখ ২০ হাজার মেট্রিক টন গম আমদানি করতে যাচ্ছে বাংলাদেশ সরকার। দেশের আমদানিনির্ভর খাদ্যশস্য গমের চাহিদা মেটানো এবং আমেরিকার সঙ্গে বাণিজ্য ঘাটতি হ্রাসের লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

খাদ্য মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, আমেরিকার একটি প্রতিষ্ঠান থেকে প্রতি মেট্রিক টন গম কিনতে ব্যয় হবে ৩০২ দশমিক ৭৫ ইউএস ডলার। এতে মোট ব্যয় হবে প্রায় ৮১৭ কোটি ৫৭ লাখ ৬৩ হাজার টাকা। দেশি মুদ্রায় প্রতি কেজি গমের দাম পড়বে ৩৭ টাকা ২০ পয়সা।

এই প্রস্তাবটি সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির পরবর্তী সভায় উত্থাপন করা হবে। অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে বুধবার এই সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

খাদ্য মন্ত্রণালয় জানিয়েছে, আমেরিকার সঙ্গে বাণিজ্য ঘাটতি হ্রাসে আমদানির মাধ্যমে ভারসাম্য আনার বিষয়টি গুরুত্ব পেয়েছে। গত ৩০ জুন বাণিজ্যসচিবের পক্ষ থেকে খাদ্যসচিব বরাবর পাঠানো এক চিঠিতে বলা হয়, আমেরিকা সরকার বাংলাদেশি পণ্যের ওপর বিদ্যমান ১৫ দশমিক ৫ শতাংশ শুল্কের পাশাপাশি আরও ৩৭ শতাংশ পারস্পরিক শুল্ক আরোপ করলে রপ্তানিতে নেতিবাচক প্রভাব পড়বে। ফলে আমেরিকা থেকে অধিক পণ্য আমদানির মাধ্যমে এই ঘাটতি কমানোর জন্য দ্রুত পদক্ষেপ নেওয়ার সুপারিশ করা হয়।

প্রসঙ্গত, চলতি ২০২৫-২৬ অর্থবছরে আন্তর্জাতিক উৎস থেকে মোট ছয় লাখ ১০ হাজার মেট্রিক টন গম আমদানির জন্য বাজেটে অর্থ বরাদ্দ রাখা হয়েছে। এই লক্ষ্যমাত্রার অংশ হিসেবেই আমেরিকা থেকে গম আমদানি করা হচ্ছে।

খাদ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইউএস হুইট অ্যাসোসিয়েটস (ইউএসডব্লিউএ) হলো আমেরিকার গমশিল্পের প্রতিনিধিত্বকারী সরকারি রপ্তানি উন্নয়ন সংস্থা এবং এটি আমেরিকার কৃষি দপ্তর ইউএসডিএর সহযোগী প্রতিষ্ঠান।

সরকার জানিয়েছে, আগামী পাঁচ বছরে সরকার থেকে সরকার (জিটুজি) পদ্ধতিতে সাত লাখ টন গম আমদানির পরিকল্পনা রয়েছে। এর প্রথম ধাপে আনা হচ্ছে এই দুই লাখ ২০ হাজার মেট্রিক টন। সরকারি খাতে গমসহ অন্যান্য খাদ্যশস্য আমদানি দেশীয় বাজারে স্থিতিশীলতা বজায় রাখতে এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।