বৃহস্পতিবার

,

২৬শে নভেম্বর, ২০২৬

সুইজারল্যান্ডকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালে স্পেন

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

স্বাগতিক সুইজারল্যান্ডকে হারিয়ে মেয়েদের ইউরো ২০২৫-এর সেমিফাইনালে জায়গা করে নিয়েছে স্পেন। বার্নের ম্যাচে দুটি পেনাল্টি মিস করেও তারা ২-০ ব্যবধানে হারিয়েছে সুইস মেয়েদের।

মারিওনা কালদেন্তেই একটি পেনাল্টি পোস্টের বাইরে মারেন এবং আলেক্সিয়া পুতেয়াসের শটটি ঠেকিয়ে দেন সুইস গোলরক্ষক লিভিয়া পেং। তবে আথেনেয়া দেল কাস্তিয়ো ও ক্লাউদিয়া পিনার গোলে জয় নিশ্চিত করে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা।

ম্যাচের শুরুতেই স্পেনের সামনে লিড নেওয়ার সুযোগ আসে যখন সুইস ডিফেন্ডার নাদিন রিসেন বক্সে মারিওনা কালদেন্তেইকে ফাউল করেন। তবে কালদেন্তেইর নেওয়া পেনাল্টি শটটি লক্ষ্যভ্রষ্ট হয়।

এরপর ইরেনে পারেদেসের শট পোস্টে লাগে। প্রথমার্ধে স্পেন সুইজারল্যান্ডের বক্সে ৩৬ বার বল স্পর্শ করে, যা ২০১৩ সালের পর থেকে গোল না করে বক্সে সর্বোচ্চ টাচের রেকর্ড।

দ্বিতীয়ার্ধে মনসে তোমের দল আক্রমণের ধার বাড়ায়। ঘন্টা পেরোনোর পর পাত্রি গুইয়ারোর হেড পোস্টে লাগে, পরে এসথার গনসালেসও গোলমুখে ধাক্কাধাক্কির সময় বল পোস্টে মারেন।

অবশেষে ৬৬ মিনিটে গোলের দেখা পায় স্পেন। আইতানা বোনমাতির ব্যাকহিল পাস থেকে দেল কাস্তিয়ো নিখুঁতভাবে বল জড়ান সুইস জালের নিচের ডান কোণে।

এর কিছুক্ষণ পরই দ্বিতীয় গোলটি করেন ক্লাউদিয়া পিনা। ডি বক্সের বাইরে থেকে নেওয়া তার বাঁকানো শট জালে প্রবেশ করে উপরের ডান কোণে। যদিও সুইজারল্যান্ড দাবি করে, এই গোলে লিয়া ভালতিকে ফাউল করা হয়েছিল।

স্পেন পরে আরেকটি পেনাল্টি পায় যখন দেল কাস্তিয়োকে ফাউল করেন ইমান বেনেই। তবে আবারো সুইস গোলরক্ষক লিভিয়া পেং পুতেয়াসের শট ঠেকিয়ে দেন।

শেষ সময়ে সুইজারল্যান্ড আরও বিপদে পড়ে যখন নোয়েল মারিত্স সালমা পারালুয়েলোকে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন, কারণ তিনি ছিলেন শেষ ডিফেন্ডার।

বাকি সময়টি শান্তভাবে কাটিয়ে জয় নিশ্চিত করে স্পেন। এবার সেমিফাইনালে ফ্রান্স বা জার্মানির মুখোমুখি হবে।

নিজেদের ইতিহাসে এ নিয়ে দ্বিতীয়বার স্পেন নাম লেখাল শেষ চারে। মহাদেশীয় শ্রেষ্ঠত্বের এই আসরে নক আউটে এটা প্রথম জয় স্প্যানিশদের।