বৃহস্পতিবার

,

২৬শে নভেম্বর, ২০২৬

বিদায় সংস্কৃতিচর্চার এক দীপ্ত বাতিঘর অধ্যাপক বদিউর রহমান

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

বাংলাদেশের প্রগতিশীল সাংস্কৃতিক আন্দোলনের অন্যতম পুরোধা, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর সভাপতি এবং বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক বদিউর রহমান আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বুধবার (১৬ জুলাই) গভীর রাতে রাজধানীর হেলথ অ্যান্ড হোপ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮১ বছর।

বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে জানান, বদিউর রহমান হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাৎক্ষণিকভাবে তাকে হাসপাতালে নেওয়া হয়, যেখানে তিনি মৃত্যুবরণ করেন।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় কেন্দ্রীয় শহীদ মিনারে তার মরদেহ আনা হয়। বেলা সাড়ে ১১টা পর্যন্ত সর্বস্তরের মানুষ তাকে শেষ শ্রদ্ধা জানানোর সুযোগ পান। এরপর তার মরদেহ নেওয়া হয় বরিশালে, তার জন্মভূমিতে, যেখানে সম্পন্ন হবে তার দাফন।

অধ্যাপক বদিউর রহমান ছিলেন এক অনন্য সাংস্কৃতিক যোদ্ধা। ১৯৭২ সাল থেকে উদীচীর সঙ্গে যুক্ত থেকে তিনি সংগঠনের বিভিন্ন পর্যায়ে নেতৃত্ব দিয়েছেন। তাঁর জীবনজুড়ে ছিল অসাম্প্রদায়িকতা, প্রগতিশীলতা ও মানবতাবাদী চেতনায় সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনার নিরলস প্রয়াস।

তার মৃত্যুতে উদীচী শিল্পীগোষ্ঠী এক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করেছে। সাংগঠনিক বিবৃতিতে বলা হয়েছে—“অধ্যাপক বদিউর রহমানের মৃত্যুতে দেশের সাংস্কৃতিক অঙ্গনে এক অপূরণীয় শূন্যতা সৃষ্টি হয়েছে। তিনি ছিলেন আমাদের পথ প্রদর্শক, সংগ্রামী চেতনার প্রতীক।”

অধ্যাপক বদিউর রহমানের প্রয়াণে বাংলাদেশ হারাল এক সৎ, সাহসী ও আদর্শবান সংস্কৃতিপ্রেমী মানুষকে। তাঁর অবদান অনন্তকাল স্মরণীয় থাকবে প্রগতিশীল সংস্কৃতির ইতিহাসে।