বৃহস্পতিবার

,

২৬শে নভেম্বর, ২০২৬

হুমায়ূন আহমেদ স্মরণে এটিভিতে দেখবেন বিশেষ নাটক ‘গল্প যখন জীবিত’

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

বাংলা সাহিত্যের কিংবদন্তি কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ১৩তম মৃত্যুবার্ষিকী স্মরণে বিশেষ নাটক প্রচার করতে যাচ্ছে আমেরিকার বাংলা টেলিভিশন চ্যানেল এটিভি ইউএসএ এবং ইউটিউব প্ল্যাটফর্ম ‘এটিভি ইউএসএ ড্রামা’।

‘গল্প যখন জীবিত’ নামের এই বিশেষ নাটকটি প্রচার হবে নিউ ইয়র্ক সময় অনুযায়ী ১৯ জুলাই, শনিবার রাত ৯টায় এবং বাংলাদেশ সময় অনুযায়ী ২০ জুলাই, রবিবার সকাল ৭টায়।

নাটকটি প্রযোজনা করেছে আশা মাল্টিমিডিয়া। প্রযোজক এশা রহমানের সুনিপুণ তত্ত্বাবধানে নির্মাণে মিশেছে যত্ন আর ভালোবাসার ছোঁয়া। চিত্রনাট্য, কনসেপ্ট ও পরিচালনায় ছিলেন রেইনি হাবিবা।

‘গল্প যখন জীবিত’ নাটকটিতে অভিনয় করেছেন সাদিয়া খন্দকার, আকাশ রহমান, অ্যামি রহমান, গ্রিন, এশা রহমান, মোহাম্মদ কাশেম এবং ইবরার টিপু।

চিত্রগ্রহণ করেছেন শফিকুল ইসলাম শাবু। সম্পাদনা, কালার ও সংগীতে ছিলেন আশরাফ শিশির। গানে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী বিন্দু কণা।

নাটকটির শুটিং হয়েছে নিউ ইয়র্কের আশা ম্যানশনে। আলোকসজ্জা ও কারিগরি সহায়তা দিয়েছে আশা মাল্টিমিডিয়া টিম।

নাটকের নির্মাতারা জানান, ‘গল্প যখন জীবিত’ নাটকের মূল উদ্দেশ্য হুমায়ূন আহমেদের সাহিত্য ও ভাবধারাকে স্মরণ করা এবং নতুন প্রজন্মের মধ্যে তা ছড়িয়ে দেওয়া। নাটকে হুমায়ূন সাহিত্যের আবেগ, সংলাপের মাধুর্য ও মানবিক চেতনার ছাপ স্পষ্টভাবে ফুটে উঠবে।

প্রসঙ্গত, হুমায়ূন আহমেদ ২০১২ সালের ১৯ জুলাই আমেরিকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তাঁর মৃত্যুর পর প্রতি বছরই ভক্তরা নানা আয়োজনে তাঁকে স্মরণ করে থাকেন। এবারের এই নাটকও সেই আবেগঘন স্মৃতিচারণের অংশ হিসেবে বিবেচিত হচ্ছে।

‘গল্প যখন জীবিত’ নাটকটি দেখা যাবে এটিভি ইউএস’র টেলিভিশন সম্প্রচারে ও ‘এটিভি ইউএসএ ড্রামা’ ইউটিউব চ্যানেলে ।