বৃহস্পতিবার

,

২৬শে নভেম্বর, ২০২৬

চিত্রনায়িকা বুবলী এবার মিউজিক ভিডিওতে

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনের পরিচিত মুখ শবনম বুবলী। সংবাদ পাঠিকা থেকে শুরু করে ঢালিউডের প্রথম সারির নায়িকা হিসেবে তার উত্থানটা রীতিমতো সিনেমার গল্পকেও হার মানায়। এবার সেই গল্পে যোগ হলো আরেকটি নতুন মোড়—মিউজিক ভিডিও।

সম্প্রতি বুবলী প্রথমবারের মতো অংশ নিয়েছেন একটি মিউজিক ভিডিওতে। গানের শিরোনাম ‘ময়না’। গানটির নির্মাণ করছেন জনপ্রিয় নির্মাতা তানিম রহমান অংশু। গানের কথা লিখেছেন আসিফ ইকবাল, সুর ও সংগীতায়োজন করেছেন কলকাতার সুরকার আকাশ সেন, আর কণ্ঠ দিয়েছেন বাংলাদেশি জনপ্রিয় গায়িকা কোনাল।

‘ময়না’ মিউজিক ভিডিওর দৃশ্য ধারণ শেষ হয়েছে রাজধানীর বিএফডিসিতে। বুবলী নিজেই জানিয়েছেন, এই মিউজিক ভিডিওটি তার জন্য একেবারেই ভিন্নধর্মী অভিজ্ঞতা। সিনেমায় নানা চরিত্রে কাজ করলেও, শুধুমাত্র গানের ভাব–ভাষা নিয়ে ক্যামেরার সামনে দাঁড়ানো তার কাছে এক অন্যরকম রোমাঞ্চকর অনুভূতি।

নির্মাতা অংশুর ভাষ্য অনুযায়ী, “মিউজিক ভিডিওটি শুধু একটি গানের ভিডিও না, বরং একটি ছোট গল্প—যেখানে প্রেম, আবেগ এবং শিল্পের সমন্বয় রয়েছে। বুবলীর পারফরম্যান্স ছিল অসাধারণ।”

‘ময়না’ গানটি প্রকাশ পাবে গানচিল মিউজিক–এর ব্যানারে। ইতিমধ্যে প্রোমো ও স্টিল ছবি নিয়ে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে আলোচনা। অনেকেই বলছেন, এই মিউজিক ভিডিওটি বুবলীর ক্যারিয়ারে এক নতুন অধ্যায়ের সূচনা করতে যাচ্ছে।

গানের কথা এবং মিউজিকের গঠন বেশ সমসাময়িক হলেও, ভিডিওর চিত্রায়ন হবে সিনেম্যাটিক এবং গল্পভিত্তিক—এই প্রতিশ্রুতি দিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান। বুবলীর পরিধেয় পোশাক, অভিব্যক্তি ও নাচের ছন্দ মিলিয়ে গানের ভিজ্যুয়াল এক পরিপূর্ণ অভিজ্ঞতা হবে বলে ধারণা করছেন ভক্তরা।

এদিকে মুক্তির অপেক্ষায় রয়েছে বুবলী অভিনীত তিন সিনেমা। এগুলো হচ্ছে- রাখাল সবুজ পরিচালিত সরকারি অনুদানে নির্মিত ‘সর্দার বাড়ির খেলা’, জাহিদ জুয়েল পরিচালিত ‘পিনিক’, রাশেদা আক্তার পরিচালিত ‘শাপলা শালুক’। প্রত্যেকটি সিনেমা নিয়েই আশাবাদী বুবলী। তিনি জানান, সিনেমাগুলোতে দর্শক ভিন্ন ভিন্ন চরিত্রে আমাকে আবিষ্কার করতে পারবে।

ভিন্নধর্মী এই কাজ নিয়ে বুবলী বলেন, “আমি সব সময়ই নতুন অভিজ্ঞতা নিতে ভালোবাসি। মিউজিক ভিডিওতে কাজ করার অফার আগেও পেয়েছি, তবে এই গল্প, নির্মাণশৈলী এবং পুরো টিম দেখে মনে হয়েছে, এবার সময়টা উপযুক্ত।”

ভিডিওর প্রোমো এবং কিছু স্থিরচিত্র প্রকাশের পর থেকেই ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউবে বুবলীর ভক্তরা প্রতিক্রিয়া জানাতে শুরু করেছেন। কেউ বলছেন, “বুবলী এক্সপ্রেরিমেন্ট করতে ভয় পান না”, আবার কেউ লিখেছেন, “গানের আবহে বুবলীর চেহারা একদম জমে গেছে।”

‘ময়না’ গানটি শুধুমাত্র একটি মিউজিক ভিডিও নয়, বরং বুবলীর ভিন্ন মাধ্যমে আত্মপ্রকাশের এক সাহসী পদক্ষেপ। ঢাকাই সিনেমার নায়িকারা যেখানে মিউজিক ভিডিওতে অংশ নিতে দ্বিধান্বিত থাকেন, সেখানে বুবলী তার নিজস্বতা এবং অভিনয় ক্ষমতা নিয়ে নতুন জায়গায় পা রাখলেন। এ যেন তার ক্যারিয়ারের নতুন পালক।