চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনালে (এনসিটি) কনটেইনার হ্যান্ডলিং কার্যক্রমে উল্লেখযোগ্য অগ্রগতি দেখা যাচ্ছে। নৌবাহিনী পরিচালিত চট্টগ্রাম ড্রাইডক লিমিটেড (সিডিডিএল) টার্মিনালের দায়িত্ব নেওয়ার পর মাত্র ১০ দিনের ব্যবধানে হ্যান্ডলিং কার্যক্রমে ৩৬.৪ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে।
প্রাপ্ত তথ্যমতে, গত ৩ জুলাই যেখানে দৈনিক ২,২৩৩ টিইইউএস কনটেইনার হ্যান্ডলিং হয়েছিল, ৭ জুলাই ড্রাইডক দায়িত্ব নেওয়ার পর ১৩ জুলাই তা বেড়ে দাঁড়িয়েছে ৩,০৪৭ টিইইউএস-এ। গড়ে প্রতিদিন ২২৫ টিইইউএস বেশি হ্যান্ডলিং সম্পন্ন হয়েছে।
প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৭ থেকে ১৩ জুলাই পর্যন্ত সাত দিনে ড্রাইডক কর্তৃপক্ষ ১০টি জাহাজের কনটেইনার লোড-আনলোড সফলভাবে সম্পন্ন করেছে। বর্তমানে এনসিটির চারটি জেটিতে একযোগে চারটি জাহাজে পণ্য ওঠানামার কাজ চলছে।
চট্টগ্রাম ড্রাইডক লিমিটেড দায়িত্ব নেওয়ার পরপরই অপারেশনাল কার্যক্রমে গতি ফিরে আসে। ১ থেকে ৬ জুলাই পর্যন্ত, সাইফ পাওয়ারটেক লিমিটেড দৈনিক গড়ে ২,৯৫৬ টিইইউএস কনটেইনার হ্যান্ডলিং করেছিল। অন্যদিকে ৭ থেকে ১৩ জুলাই, ড্রাইডক প্রতিদিন গড়ে ৩,১৮১ টিইইউএস হ্যান্ডলিং করে। এর অর্থ, দায়িত্ব হস্তান্তরের পর কনটেইনার হ্যান্ডলিংয়ের পরিমাণে উল্লেখযোগ্য ইতিবাচক প্রবৃদ্ধি ঘটেছে।
সাইফ পাওয়ারটেক লিমিটেড দীর্ঘদিন ধরে চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনাল পরিচালনা করে আসছিল। প্রতিষ্ঠানটির সঙ্গে বন্দর কর্তৃপক্ষের চুক্তির মেয়াদ শেষ হয় ৬ জুলাই। পরদিন ৭ জুলাই থেকে নৌপরিবহন মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী, ড্রাইডক লিমিটেড টার্মিনালের দায়িত্ব নেয়।
বিশ্লেষকদের মতে, এ সিদ্ধান্ত বাস্তবায়নের মাধ্যমে বন্দর কার্যক্রমে গতি ও দক্ষতা বৃদ্ধির সম্ভাবনা তৈরি হয়েছে। চট্টগ্রাম বন্দর দক্ষিণ এশিয়ার একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র হিসেবে আন্তর্জাতিকভাবে স্বীকৃত। ফলে, টার্মিনাল ব্যবস্থাপনায় দক্ষতা বৃদ্ধির এই ধারা অব্যাহত থাকলে দেশের রপ্তানি-আমদানি কার্যক্রম আরও গতিশীল হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।




