শুক্রবার

,

১৫ই মে, ২০২৬

পূজায় টলিউডে নওশাবার অভিষেক, আসছে ‘যত কাণ্ড কলকাতাতেই’

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

জয়া আহসান ও রাফিয়াথ রশিদ মিথিলার পর এবার টলিউডে পা রাখতে যাচ্ছেন বাংলাদেশের আরেক অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ। চলতি বছরের দুর্গাপূজায় কলকাতার প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে তাঁর প্রথম টলিউড সিনেমা ‘যত কাণ্ড কলকাতাতেই’, পরিচালনা করেছেন অনিক দত্ত।

সিনেমাটি নির্মিত হয়েছিল প্রায় দুই বছর আগে, তবে নানা কারণে সেটি তখন মুক্তি পায়নি। অবশেষে গত শুক্রবার প্রযোজনা সংস্থা ফ্রেন্ডস কমিউনিকেশন সিনেমাটির মোশন পোস্টার প্রকাশ করে মুক্তির আনুষ্ঠানিক ঘোষণা দেয়।

সিনেমার গল্প আবর্তিত হয়েছে ফেলুদার ধাঁচের রহস্যময় পরিবেশে। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন টলিউডের জনপ্রিয় অভিনেতা আবির চ্যাটার্জি। নওশাবা পর্দায় হাজির হবেন এক বাংলাদেশি মেয়ের চরিত্রে, যে নিজের শিকড়ের খোঁজে কলকাতায় আসে এবং ধীরে ধীরে জড়িয়ে পড়ে নানা রহস্যে।

নওশাবা বলেন, “আমার ও আবিরের চরিত্র দুটোই ফেলুদাভক্ত। গল্পে ফেলুদার ধাঁধা, রহস্য ও বুদ্ধিদীপ্ত নানা ঘটনার ছায়া আছে। যদিও এটি কোনো গোয়েন্দা গল্প নয়, প্রতিটি দৃশ্যেই ফেলুদাকে স্মরণ করা হয়েছে এবং প্রতিটি মুহূর্তে সত্যজিৎ রায়কে শ্রদ্ধা জানানো হয়েছে।”

তিনি জানান, “সিনেমাটিতে কাজ করার অভিজ্ঞতা তাঁর জন্য ছিল একেবারে জাদুর মতো। একদিন হঠাৎ অনিকদার একটা টেক্সট পাই, তারপর অডিশন দিয়ে যুক্ত হই। ২০২৩ সালের সেপ্টেম্বরে শুটিং করেছি। এবার সেটি পূজায় মুক্তি পেতে যাচ্ছে— এটা আমার জন্য অনেক আনন্দের।”

নওশাবার এই টলিউড অভিষেককে ঘিরে দুই দেশের বাঙালি দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। ‘যত কাণ্ড কলকাতাতেই’ চলচ্চিত্রটি শুধুই একটি রহস্য নয়, এটি হতে যাচ্ছে এক সাংস্কৃতিক সংযোগের প্রতীক, যেখানে মিশে যাবে দুই দেশের বাংলা ভাষার শিল্প, আবেগ ও স্মৃতি।