লালনগীতি শিল্পী ফরিদা পারভীনের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বর্তমানে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন প্রিয় শিল্পী।
বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স জানান, খালেদা জিয়া ফরিদা পারভীনের গানের ভক্ত এবং তার অসুস্থতা নিয়ে উদ্বিগ্ন। তাঁর অনুরোধে প্রিন্স হাসপাতালে গিয়ে শিল্পীর শারীরিক অবস্থার খোঁজ নেন এবং চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। তিনি জানান, শিল্পীর অবস্থা কিছুটা উন্নতি হয়েছে।
৭১ বছর বয়সী এই শিল্পী দীর্ঘদিন ধরে কিডনি জটিলতা, ডায়াবেটিসসহ বিভিন্ন রোগে ভুগছেন। অবস্থার অবনতি হলে ৫ জুলাই হাসপাতালে ভর্তি করা হয়। তার অসুস্থতার খবর ছড়িয়ে পড়লে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে সরকারের সহযোগিতা কামনা করেন।
পরবর্তীতে সংস্কৃতি ও স্বাস্থ্য মন্ত্রণালয় ফরিদা পারভীনের পরিবারের সঙ্গে যোগাযোগ করে। পরিবারের অনুরোধে সরকারের নির্দেশে একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়। চিকিৎসকরা জানান, কিছুটা উন্নতি হলেও তিনি এখনো শঙ্কামুক্ত নন।
ফরিদা পারভীন একুশে পদকপ্রাপ্ত ও জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ী শিল্পী। পাঁচ দশকেরও বেশি সময় ধরে লালন সংগীতে অবদান রাখা এই গায়িকা সেটি প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে দিতে প্রতিষ্ঠা করেছেন ‘অচিন পাখি সংগীত একাডেমি’।
বর্তমানে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে ফরিদা পারভীনের চিকিৎসা চলছে। তার দ্রুত সুস্থতা কামনায় দেশজুড়ে সংগীতপ্রেমীদের দোয়া চলছে।




