বৃহস্পতিবার

,

১১ই জুন, ২০২৬

শুল্ক নিয়ে বাংলাদেশ-আমেরিকা আলোচনায় অগ্রগতি

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

বাংলাদেশ ও আমেরিকার মধ্যে চলমান শুল্ক আলোচনায় অগ্রগতি হয়েছে। আমেরিকার বাণিজ্য প্রতিনিধি অ্যাম্বাসাডর জেমিসন গ্রিয়ারের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশ সরকারের বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন।

স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল ১১টায় এই বৈঠক অনুষ্ঠিত হয়।

দুই দেশের প্রতিনিধিরা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন, যার কেন্দ্রবিন্দুতে ছিল বাংলাদেশ-আমেরিকা বাণিজ্য, বাণিজ্যিক সম্পর্ক এবং চলমান শুল্ক আলোচনাসমূহ। উভয় পক্ষই পারস্পরিক স্বার্থে একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে।

বাংলাদেশ ও আমেরিকার মধ্যে তিনদিনব্যাপী শুল্ক আলোচনার দ্বিতীয় দফা চলমান রয়েছে। এর দ্বিতীয় দিনের আলোচনা বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত হয়।

এই আলোচনা ছিল ব্যাপক ও বিস্তারিত, যেখানে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্কের প্রায় সব প্রধান দিক নিয়ে আলোচনা হয়েছে।

ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। ঢাকায় অবস্থানরত অবস্থায় ভার্চুয়ালি আলোচনায় যুক্ত হন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খালিলুর রহমান এবং প্রধান উপদেষ্টার আইসিটি ও টেলিযোগাযোগবিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। এছাড়াও বাণিজ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা আমেরিকায় অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন।

আমেরিকার পক্ষ থেকে ইউএসটিআর, কৃষি, শ্রম, পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ, ট্রেজারি, উদ্ভাবন ও মেধাস্বত্ব, বিনিয়োগ সংস্থা ইত্যাদি বিভাগ থেকে সিনিয়র কর্মকর্তারা আলোচনায় অংশগ্রহণ করেন।

বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ৯টায় পুনরায় আলোচনা শুরু হয়। শুক্রবারও আলোচনা চলবে।