বাংলা গানে নতুন ধারা যুক্ত করতে আসছে ‘রিডু’ নামের একটি ব্যতিক্রমী সংগীত সিরিজ। ‘এটিভি ইউএসএ মিউজিক’ ইউটিউব চ্যানেলের উদ্যোগে নির্মিত এই সিরিজের প্রথম গান ‘পাগল ছাড়া দুনিয়া চলে না’ শুনতে পাবেন আগামী ১৭ জুলাই। জাকিয়া সুলতানা কর্ণিয়ার কণ্ঠে গানটি দিয়েই শুরু হচ্ছে এই সিরিজের যাত্রা।
‘রিডু’ সিরিজে পুরনো জনপ্রিয় বাংলা গানগুলোকে নতুন সুর ও সংগীতায়োজনে পরিবেশন করা হবে। প্রতিটি গানেই থাকছে আধুনিক ফিউশন, নতুন কণ্ঠ এবং ভিন্নধর্মী সাউন্ড ডিজাইন। প্রতি সপ্তাহে একটি করে গান প্রকাশ পাবে সিরিজটির আওতায়।
সিরিজটির সার্বিক তত্ত্বাবধান করছেন খ্যাতনামা সংগীত পরিচালক ডিজে রাহাত। তিনি জানান, প্রবাসী ও আন্তর্জাতিক শ্রোতাদের রুচি মাথায় রেখে গানগুলোর সুর, কথা ও সংগীতায়োজন করা হয়েছে। প্রতিটি গানেই থাকছে আলাদা গল্প ও বৈচিত্র্যময় সংগীতধারা।
এই প্রকল্পে মোট ৫৩টি গান তৈরি হয়েছে, যেখানে কণ্ঠ দিয়েছেন দেশের ২৩ জন জনপ্রিয় কণ্ঠশিল্পী। তাঁদের মধ্যে আছেন ডলি সায়ন্তনী, পিন্টু ঘোষ, পারভেজ সাজ্জাদ, অবন্তী সিঁথি, তাসনিম আনিকা, দোলা, আয়েশা, শেখ সাদীসহ আরও অনেকে।
এটিভি ইউএসএ’র প্রেসিডেন্ট ও সিইও আকাশ রহমান বলেন, “‘রিডু’ আমাদের একটি স্বপ্নের প্রকল্প। বাংলা গানের শেকড়কে ধরে রেখে নতুন প্রজন্মের সামনে তা নতুনভাবে উপস্থাপন করাই আমাদের লক্ষ্য।”
আয়োজকরা আশা করছেন, ‘রিডু’ সিরিজ বাংলা সংগীতের ইতিহাসে এক নতুন অধ্যায় রচনা করবে। নতুন প্রজন্ম পুরনো গানগুলোর প্রতি আগ্রহী হবে, আর পুরনো শ্রোতারাও ফিরে পাবেন তাঁদের চেনা সুরের আধুনিক রূপ।




