মঙ্গলবার

,

১৪ই এপ্রিল, ২০২৬

বাংলাদেশে চীনের ৪০ কোটি ডলারের বিনিয়োগ

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

বাংলাদেশে চলতি বছরের প্রথম সাত মাসেই চীন থেকে ৪০ কোটি ইউএস ডলারের সরাসরি বিনিয়োগ এসেছে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

বুধবার ঢাকার একটি অভিজাত হোটেলে “চীন-বাংলাদেশ শিল্প ও সরবরাহ চেইন সহযোগিতা” শীর্ষক সেমিনারে তিনি এ তথ্য জানান।

অনুষ্ঠানের আয়োজক ছিল বাংলাদেশে চীনা বিনিয়োগকারী প্রতিষ্ঠানগুলোর সংগঠন চায়না এন্টারপ্রাইজ অ্যাসোসিয়েশন ইন বাংলাদেশ (সিইইএবি)। সেমিনারে সিইইএবি প্রেসিডেন্ট হান কুন একটি শিল্প গবেষণা প্রতিবেদন উপস্থাপন করেন, যেখানে চীনা বিনিয়োগের বর্তমান অবস্থা, সম্ভাবনা ও চ্যালেঞ্জ তুলে ধরা হয়।

রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, “বাংলাদেশে বিনিয়োগে কিছু চ্যালেঞ্জ থাকলেও চীনা কোম্পানিগুলো এসব বিবেচনায় নিয়েই আরও বিনিয়োগে আগ্রহী। আগামীতে বাংলাদেশে চীনা প্রতিষ্ঠানের ভূমিকা আরও জোরালো হবে এবং তারা দেশের আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।”

তিনি আরও জানান, চীন-বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কের সুবর্ণজয়ন্তী উপলক্ষে নতুন মাত্রায় সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে কাজ করছে দুই দেশ।

সেমিনারে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এবং বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা)’র নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। তিনি বলেন, “চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ আরও বাড়াতে বেইজিংয়ে বিডার একটি অফিস স্থাপন করা হবে। পাশাপাশি ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠার সম্ভাবনাও বিবেচনা করা হচ্ছে।”

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান জালাল আহমেদ বলেন, “চীন বাংলাদেশের বিশ্বস্ত বন্ধু এবং প্রধান বাণিজ্যিক অংশীদার। বিদ্যুৎ ও জ্বালানি খাতে আরও গভীর সহযোগিতার সুযোগ রয়েছে।”

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন—নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব দেলোয়ারা বেগম, শিল্প মন্ত্রণালয়ের যুগ্মসচিব সাহেলা আক্তার, সড়ক ও মহাসড়ক বিভাগের যুগ্মসচিব ড. মোকছেদ আলী, ঢাকা ওয়াসার প্রধান প্রকৌশলী আবদুস সালাম বেপারী।

সরকারি প্রতিনিধিদের পাশাপাশি চীন ও বাংলাদেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী নেতারাও এই সেমিনারে অংশগ্রহণ করেন।

সেমিনারে উত্থাপিত প্রতিবেদনে বাংলাদেশের বিদ্যুৎ, জ্বালানি, অবকাঠামো, টেক্সটাইল, তথ্যপ্রযুক্তি এবং বন্দর উন্নয়নসহ বিভিন্ন খাতে চীনা বিনিয়োগ বাড়ানোর গুরুত্ব তুলে ধরা হয়।