ঢাকাই চলচ্চিত্রের আলোচিত অভিনেত্রী পরীমণির দায়ের করা মানহানি মামলা খারিজ করে দিয়েছেন ঢাকার সাইবার ট্রাইব্যুনাল। মঙ্গলবার (৮ জুলাই) ট্রাইব্যুনালের বিচারক মো. নূরে আলম এ আদেশ দেন। আদালতের বেঞ্চ সহকারী মো. জুয়েল বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
পরীমণি চলতি বছরের ২৩ এপ্রিল গৃহকর্মী পিংকি আক্তারসহ চারটি গণমাধ্যমের বিরুদ্ধে ‘মিথ্যা, মানহানিকর ও অশালীন’ তথ্য প্রচারের অভিযোগ এনে মামলাটি দায়ের করেন। মামলার অপর অভিযুক্তরা হলেন—সব খবরের স্বত্বাধিকারী মোরশেদ সুমন, প্রতিদিনের বাংলাদেশ ইন্টারটেইনমেন্ট, পিপল নিউজ ও ডিজিটাল খবর।
অভিযোগে বলা হয়, গত ৫ মার্চ পরীমণি তার বাসায় ‘কাদের এজেন্সি’র মাধ্যমে পিংকিকে শিশু দেখাশোনার কাজে নিয়োগ দেন। ২ এপ্রিল পিংকি বাসা ছেড়ে চলে যাওয়ার পর বিভিন্ন গণমাধ্যমে উদ্দেশ্যপ্রণোদিতভাবে সাক্ষাৎকার দেন। এতে পরীমণির বিরুদ্ধে একাধিক ‘মিথ্যা ও অশালীন’ অভিযোগ তুলে ধরা হয়, যা পরীমণিকে সামাজিকভাবে হেয় করেছে বলে মামলায় উল্লেখ করা হয়।
তবে আদালত মামলাটি খারিজ করে জানায়, চলতি বছরের ২১ মে ‘সাইবার নিরাপত্তা আইন’ বাতিল করে নতুন ‘সাইবার সুরক্ষা অধ্যাদেশ’ জারি করা হয়। পরীমণির মামলাটি পুরনো আইনের ২৮ ও ৩১ ধারায় করা হলেও নতুন অধ্যাদেশে ওই ধারাগুলো না থাকায় মামলা গ্রহণযোগ্য নয় বলে রায়ে উল্লেখ করা হয়।
এদিকে, গৃহকর্মী পিংকি আক্তারও পরীমণির বিরুদ্ধে অভিযোগ এনে পাল্টা মামলা করেছিলেন। পুরো বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমেও তুমুল আলোচনার জন্ম দেয়।




