চলতি বছরের ক্লাব বিশ্বকাপে ফাইনালে উঠেছে ইউরোপের দুই ফুটবল পরাশক্তি—ইংলিশ ক্লাব চেলসি ও ফরাসি ক্লাব প্যারিস সেন্ট-জার্মেই (পিএসজি)। সেমিফাইনালে তারা ব্রাজিলিয়ান ক্লাব ফ্লুমিনেন্সে ও স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদকে হারিয়ে নিজেদের জায়গা পাকা করে। আগামী ১৩ জুলাই, আমেরিকার নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে হবে মর্যাদাপূর্ণ ফাইনাল ম্যাচটি।
চেলসির দাপুটে জয়
প্রথম সেমিফাইনালে চেলসি ২-০ গোলে পরাজিত করে ব্রাজিলিয়ান ক্লাব ফ্লুমিনেন্সেকে। ইংলিশ ক্লাবটির হয়ে জোড়া গোল করেন তরুণ ব্রাজিলিয়ান ফরোয়ার্ড জোআও পেদ্রো। ম্যাচের ১৮ মিনিটে প্রথম গোলের পর দ্বিতীয়ার্ধে ৬৭ মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করেন তিনি। গোছানো পরিকল্পনায় মাঠে নামা চেলসি পুরো ম্যাচে আধিপত্য ধরে রাখে। পেদ্রোর পারফরম্যান্স প্রশংসিত হয়েছে আন্তর্জাতিক বিশ্লেষকদের কাছেও।
রিয়ালকে বিধ্বস্ত করে ফাইনালে পিএসজি
অপর সেমিফাইনালে রিয়াল মাদ্রিদকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে ফাইনালের টিকিট কাটে পিএসজি। ম্যাচের প্রথম ২৫ মিনিটেই ৩-০ ব্যবধানে এগিয়ে যায় দলটি। ফ্যাবিয়ান রুইজ করেন দুটি গোল (৬ ও ২৪ মিনিট)। বাকি দুই গোল করেন উসমানে ডেমবেলে এবং গনকালো রামোস। রিয়াল মাদ্রিদের রক্ষণভাগ ম্যাচজুড়ে ছিল ছন্দহীন। পিএসজির গতি ও আক্রমণভঙ্গির বিপরীতে দাঁড়াতেই পারেনি তারা। পিএসজির এই জয় তাদের ক্লাব ইতিহাসের অন্যতম সেরা পারফরম্যান্স।
১৩ জুলাইয়ের ফাইনালে মুখোমুখি হবে দুই দল।
বিশ্ব ফুটবল বিশ্লেষকদের মতে, চেলসির পরিকল্পিত খেলা ও পিএসজির বিস্ফোরক আক্রমণের মধ্যে হতে যাচ্ছে এক মহারণ। ফুটবলপ্রেমীদের প্রত্যাশা—ফাইনাল ম্যাচটি হবে টেকটিকস ও আবেগের এক অনন্য লড়াই।




