জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত ব্যাংকারদের পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য নিবন্ধনের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। নির্বাচনী দায়িত্বে নিয়োগ পাওয়ার পরপরই ‘পোস্টাল ব্যালট বিডি’ অ্যাপে নিবন্ধন সম্পন্ন করার জন্য সম্প্রতি সব ব্যাংকে এ সংক্রান্ত নির্দেশনা পাঠানো হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের সার্কুলারে বলা হয়েছে, জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে তথ্যপ্রযুক্তি সমর্থিত পোস্টাল ব্যালট ব্যবস্থায় ভোট দেওয়ার সুযোগ থাকবে। ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে যারা নির্বাচনী দায়িত্বে নিয়োজিত থাকবেন, তাদের দ্রুত নিবন্ধন করতে হবে।
পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন সরকারি চাকরিজীবী, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, প্রবাসী বাংলাদেশি এবং কারাবন্দিরা। আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হলেও পোস্টাল ব্যালটে ভোট গ্রহণ হবে ২১ থেকে ২৫ জানুয়ারির মধ্যে।
নিবন্ধিত ভোটারদের ঠিকানায় আগাম ব্যালট পাঠানো হবে। দেশের ভোটাররা বাংলাদেশ ডাক বিভাগের মাধ্যমে এবং প্রবাসীরা সংশ্লিষ্ট দেশের ডাক বিভাগের মাধ্যমে ব্যালট ফেরত পাঠাবেন। নির্ধারিত সময়ের মধ্যে ব্যালট ফেরত না পাঠালে সেই ভোট বাতিল হবে।
সব পোস্টাল ব্যালটে আলাদা কিউআর কোড ও ট্র্যাকিং ব্যবস্থা যুক্ত থাকবে, যাতে ভোটের নিরাপত্তা ও স্বচ্ছতা নিশ্চিত করা যায়।




