বৃহস্পতিবার

,

২৬শে নভেম্বর, ২০২৬

ভারতে খেলতে অস্বীকৃতি বাংলাদেশের, ম্যাচ শ্রীলংকায় সরানোর দাবি

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

একের পর এক বৈঠক হলেও সমাধান মিলছে না। আসন্ন আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের মাটিতে খেলতে অনিচ্ছা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নিরাপত্তা শঙ্কার কারণে কোনোভাবেই ভারতে খেলতে যাবে না বলে নিজেদের অনড় অবস্থান পুনর্ব্যক্ত করেছে তারা। পাশাপাশি বাংলাদেশ দলকে শ্রীলংকায় খেলানোর দাবি পুনর্ব্যক্ত করেছে বিসিবি।

শনিবার (১৭ জানুয়ারি) রাজধানীর একটি হোটেলে বিসিবি কর্মকর্তাদের সঙ্গে আইসিসির প্রতিনিধিদের বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়।

বৈঠকে বিসিবির পক্ষ থেকে জানানো হয়, খেলোয়াড়, সমর্থক, সংবাদকর্মী ও সংশ্লিষ্ট সবার নিরাপত্তা নিশ্চিত করতে ম্যাচগুলো শ্রীলংকায় সরিয়ে নেওয়া জরুরি। বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বিষয়টি নিয়ে আইসিসিকে আনুষ্ঠানিকভাবে আবারও অনুরোধ করা হয়েছে।

আইসিসির ইভেন্টস ও কর্পোরেট কমিউনিকেশন্স জেনারেল ম্যানেজার গৌরব সাক্সেনা অনলাইনে যুক্ত হন এবং ইন্টেগ্রিটি ইউনিটের জেনারেল ম্যানেজার অ্যান্ড্রু এফগ্রেভ ঢাকায় এসে বৈঠকে অংশ নেন। বিসিবির সভাপতি আমিনুল ইসলাম, সহ-সভাপতি মো. সাখাওয়াৎ হোসেন ও ফারুক আহমেদ, পরিচালক নাজমুল আবেদীন এবং প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী বৈঠকে উপস্থিত ছিলেন।

বৈঠকে আইসিসি নিরাপত্তা বলয় বৃদ্ধির প্রস্তাব দিলেও বিসিবি তা প্রত্যাখ্যান করে। বিসিবির এক পরিচালক বলেন, “আমরাও কয়েকটি বিশ্বকাপ আয়োজন করেছি। নিরাপত্তা কীভাবে নিশ্চিত করতে হয়, তা আমরা জানি। নতুন করে দেখানোর কিছু নেই।”

আলোচনায় বাংলাদেশকে ভিন্ন একটি গ্রুপে স্থানান্তরের সম্ভাবনাও উঠে আসে, যাতে ন্যূনতম লজিস্টিক পরিবর্তনের মাধ্যমে সমাধান খোঁজা যায়। তবে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

বিসিবি জানিয়েছে, গঠনমূলক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনা হয়েছে এবং সমাধান না হওয়ায় আলোচনার ধারাবাহিকতা বজায় রাখার বিষয়ে দুই পক্ষই সম্মত হয়েছে।