বুধবার

,

১৩ই মে, ২০২৬

বিপিএল স্থগিতাদেশ প্রত্যাহার, শুক্রবার মাঠে গড়াবে ম্যাচ

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) স্থগিতাদেশ প্রত্যাহারের মধ্য দিয়ে সব অনিশ্চয়তার অবসান ঘটেছে। শুক্রবার (১৬ জানুয়ারি) থেকে আবার মাঠে গড়াচ্ছে দেশের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ।

বৃহস্পতিবার রাতে গুলশানের নাভানা টাওয়ারে বিসিবি কার্যালয়ে ক্রিকেটারদের সংগঠন কোয়াব ও ফ্র্যাঞ্চাইজিগুলোর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু এ ঘোষণা দেন। তিনি জানান, ১৫ জানুয়ারির স্থগিত হওয়া দুটি ম্যাচ শুক্রবার অনুষ্ঠিত হবে।

পরিবর্তিত সূচি অনুযায়ী শুক্রবার দুপুরে চট্টগ্রাম রয়্যালস বনাম নোয়াখালী এক্সপ্রেস এবং সন্ধ্যায় সিলেট টাইটান্স বনাম রাজশাহী ওয়ারিয়র্সের ম্যাচ অনুষ্ঠিত হবে। শনিবার ও রবিবারের নির্ধারিত ম্যাচগুলো একদিন পিছিয়ে যথাক্রমে ১৭ ও ১৮ জানুয়ারি অনুষ্ঠিত হবে।

এছাড়া এলিমিনেটর ও প্রথম কোয়ালিফায়ার ম্যাচ ২০ জানুয়ারি অনুষ্ঠিত হবে। দ্বিতীয় কোয়ালিফায়ার ২১ জানুয়ারি এবং ফাইনাল ২৩ জানুয়ারি আগের সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।

বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের বিতর্কিত মন্তব্যের জেরে বৃহস্পতিবার বিপিএল বয়কট করেন ক্রিকেটাররা। ফলে ওইদিনের দুটি ম্যাচ স্থগিত হয়। পরে বিসিবি তাকে অর্থ কমিটির প্রধানের দায়িত্ব থেকে সরিয়ে দেয়। আলোচনার মাধ্যমে শেষ পর্যন্ত সমাধান আসে এবং বিপিএল ফের শুরু করার সিদ্ধান্ত হয়।

এই সিদ্ধান্তে ক্রিকেটপ্রেমীদের মধ্যে স্বস্তি ফিরেছে এবং ফ্র্যাঞ্চাইজি লিগের ভবিষ্যৎ আবারও আলোর মুখ দেখল।