দীর্ঘদিনের গুঞ্জন ও কানাঘুষার অবসান ঘটিয়ে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন কণ্ঠশিল্পী জেফার রহমান ও উপস্থাপক রাফসান সাবাব। বুধবার (১৪ জানুয়ারি) সকালে গায়ে হলুদ এবং সন্ধ্যায় আমিন বাজারের এক রিসোর্টে দুই পরিবারের সদস্য ও শোবিজ অঙ্গনের ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে হয় বিয়ের আনুষ্ঠানিকতা।
এক বছর আগে থেকেই শোবিজ অঙ্গনে তাদের প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়েছিল। তবে তারা সবসময়ই বিষয়টি অস্বীকার করে নিজেদের শুধু বন্ধু বলে দাবি করেছেন। দেশে-বিদেশে একসঙ্গে ভ্রমণ এবং বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিতি ভক্তদের মনে কৌতূহল জাগালেও ব্যক্তিগত জীবন নিয়ে প্রকাশ্যে কিছু বলেননি তারা।
গত বছরের মাঝামাঝি সময়ে থাইল্যান্ডে একসঙ্গে ভ্রমণের সময় তাদের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে আলোচনার ঝড় ওঠে। সে সময় জেফার মন্তব্য করেছিলেন, ব্যক্তিগত জীবন নিয়ে বলার কিছু নেই। অবশেষে সেই গুঞ্জনকে সত্যি করে আনুষ্ঠানিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন তারা।
বিয়ের বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেই নিশ্চিত করেছেন রাফসান সাবাব। ছবি শেয়ার করে তিনি লিখেছেন, “পরিবার ও ভালোবাসার মানুষদের পাশে নিয়ে আমাদের নতুন যাত্রা শুরু করতে যাচ্ছি; আপনাদের দোয়া ও আশীর্বাদ আমাদের কাম্য। আজ আমাদের দুই জীবন এক হলো, শুরু হলো একসাথে পথচলার এক সুন্দর গল্প।”
শোবিজ অঙ্গনে দীর্ঘদিন ধরে তাদের ঘনিষ্ঠতা নিয়ে আলোচনা চলছিল। বিভিন্ন অনুষ্ঠান ও আড্ডায় একসঙ্গে উপস্থিতি ভক্তদের মনে প্রশ্ন জাগালেও তারা বিষয়টি ব্যক্তিগত পর্যায়েই রেখেছিলেন। বিয়ের ঘোষণার মাধ্যমে সেই রহস্যের ইতি টানলেন এই তারকা দম্পতি।
খবরটি প্রকাশ্যে আসার পর থেকেই অভিনন্দনের বন্যায় ভাসছেন নবদম্পতি। সহকর্মী, পরিচিত মুখ এবং সাধারণ নেটিজেনরা তাদের নতুন জীবনের জন্য শুভকামনা জানিয়েছেন।




