বৃহস্পতিবার

,

১১ই জুন, ২০২৬

গোল্ডেন গ্লোব পুরস্কারের আসরে তারকাদের চোখধাঁধানো উপস্থিতি

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

বাংলাদেশ সময় সোমবার ভোরে আমেরিকার ক্যালিফোর্নিয়ার দ্য বেভারলি হিলটন হোটেলে অনুষ্ঠিত হলো গোল্ডেন গ্লোব পুরস্কারের ৮৩তম আসর। কয়েক বছর আগের বিতর্ক ও সংস্কারের অধ্যায় পেরিয়ে এবারের আয়োজন ফিরে এসেছে স্বাভাবিক ছন্দে। ঝলমলে এই আসরে ছিল পূর্বানুমেয় বিজয়ীদের জয়রথ, আবার ছিল অপ্রত্যাশিত চমক, রসিকতা ও শিল্পীদের ব্যক্তিগত মুহূর্তে ভরা আবেগঘন পরিবেশ।

অস্কার মৌসুমের সূচনালগ্নে গোল্ডেন গ্লোব বরাবরই একটি ‘টেম্পারেচার চেক’। এবারের আসরে স্পষ্ট হয়ে যায়, দুটি ছবি ছিল আলোচনার কেন্দ্রবিন্দুতে—রাজনীতিকে ব্যঙ্গাত্মকভাবে উপস্থাপন করা One Battle After Another এবং উইলিয়াম শেক্সপিয়রের পারিবারিক জীবনের আবেগঘন আখ্যান Hamnet।

ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারি প্রযোজিত One Battle After Another চারটি পুরস্কার জেতে। পরিচালক ও চিত্রনাট্যকার পল থমাস অ্যান্ডারসন সেরা পরিচালনা ও সেরা চিত্রনাট্যের ট্রফি অর্জন করেন। অন্যদিকে ফোকাস ফিচার্স প্রযোজিত Hamnet দুটি পুরস্কার পায়, যার মধ্যে Jessie Buckley সেরা অভিনেত্রী (ড্রামা) হিসেবে সম্মানিত হন।

সঞ্চালনায় ছিলেন নিকি গ্লেজার, যিনি টানা দ্বিতীয়বারের মতো দায়িত্ব পালন করেন। তাঁর রসিকতায় উঠে আসে হলিউডের নানা বিতর্কিত প্রসঙ্গ। তবে রাতটি শুধু হাসি-ঠাট্টায় সীমাবদ্ধ ছিল না, বাস্তব রাজনীতির ছায়াও পড়েছিল। মার্ক রাফালো ও ওয়ান্ডা সাইকসসহ কয়েকজন তারকা বিশেষ কোটপিন পরে নিহত রেনে ম্যাকলিন গুডকে স্মরণ করেন।

অভিনয় বিভাগে Rose Byrne জেতেন সেরা অভিনেত্রী (কমেডি/মিউজিক্যাল) If I Had Legs I’d Kick You ছবির জন্য। Timothée Chalamet তাঁর বহু প্রতীক্ষিত প্রথম গোল্ডেন গ্লোব পান Marty Supreme ছবিতে অভিনয়ের জন্য। ড্রামা বিভাগে Wagner Moura সেরা অভিনেতা হন The Secret Agent ছবিতে রাজনৈতিক শরণার্থীর চরিত্রে অভিনয়ের জন্য।

টেলিভিশন বিভাগে প্রত্যাশিতভাবেই দাপট দেখিয়েছে The Pitt (ড্রামা), The Studio (কমেডি) এবং Netflix-এর Adolescence (লিমিটেড সিরিজ)। Adolescence মোট চারটি পুরস্কার জিতে নেয়। স্রষ্টা Stephen Graham সেরা অভিনেতা (লিমিটেড সিরিজ) হন এবং মাত্র ১৬ বছর বয়সে Owen Cooper সর্বকনিষ্ঠ বিজয়ী হিসেবে ইতিহাস গড়েন। The Pitt সিরিজে Noah Wyle সেরা অভিনেতা হন, আর Pluribus-এ অভিনয়ের জন্য Rhea Seehorn সেরা অভিনেত্রী হন। The Studio-তে Seth Rogen সেরা অভিনেতা (কমেডি) এবং Hacks-এ অভিনয়ের জন্য Jean Smart তৃতীয়বারের মতো গোল্ডেন গ্লোব জেতেন।

অভিনেত্রী Teyana Taylor সেরা পার্শ্ব অভিনেত্রী হয়ে বলেন, “আমাদের কোমলতা কোনো দুর্বলতা নয়। আমাদের আলো জ্বলার জন্য অনুমতির দরকার নেই।” এ বছর প্রথমবারের মতো পডকাস্ট বিভাগ যুক্ত হয় এবং Amy Poehler-এর Good Hang পুরস্কার পায়। এছাড়া Sinners জিতে নেয় বক্স অফিস ও সিনেম্যাটিক অ্যাচিভমেন্ট পুরস্কার।

লাল গালিচায় তারকাদের পদচারণা ছিল চোখধাঁধানো। কেউ পুরনো হলিউড গ্ল্যামারকে শ্রদ্ধা জানিয়েছেন, কেউ সাহসী আধুনিক পোশাকে ব্যক্তিত্ব প্রকাশ করেছেন। বিজয়ীদের বক্তৃতায় ব্যক্তিগত সংগ্রাম, পরিবার ও সামাজিক বাস্তবতার প্রতিফলন দেখা গেছে।

এক সময় মনে হয়েছিল গোল্ডেন গ্লোব তার প্রাসঙ্গিকতা হারাচ্ছে। কিন্তু এবারের আসর প্রমাণ করেছে, এই অনুষ্ঠান এখনো শিল্পী ও ইন্ডাস্ট্রির জন্য গুরুত্বপূর্ণ। কারণ এখান থেকেই শুরু হয় অস্কারমুখী যাত্রার বিশ্লেষণ ও প্রত্যাশা।