বৃহস্পতিবার

,

২৬শে নভেম্বর, ২০২৬

তাহসানের নতুন সংসারে ভাঙন, বিচ্ছেদের পথে দম্পতি

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান ও মেকআপ আর্টিস্ট রোজা আহমেদ আর একসঙ্গে থাকছেন না। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে গুঞ্জন চললেও শনিবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় অবশেষে নিজেই গণমাধ্যমে বিচ্ছেদের খবর নিশ্চিত করেছেন তাহসান।

২০২৫ সালের শুরুতে মাত্র চার মাসের পরিচয়ের পর রোজাকে বিয়ে করে ভক্তদের চমকে দিয়েছিলেন এই তারকা। বিয়ের পর প্রায়ই সোশ্যাল মিডিয়ায় দুজনের হাসিমুখ দেখা যেত। তবে কয়েক মাস ধরে তারা আলাদা থাকছেন বলে জানা গেছে।

সম্প্রতি বিবাহবার্ষিকী এক বছর পূর্ণ হলেও দুজনকে একসঙ্গে দেখা যায়নি। এ নিয়ে নানা গুঞ্জন ছড়িয়ে পড়লে তাহসান জানান, “সত্য বলতে আমাদের বিচ্ছেদের ঘটনা সত্য। বিষয়টি বড়, সবকিছু চূড়ান্ত হলে বিস্তারিত বলব।”

তিনি আরও বলেন, “দীর্ঘ দিন ধরেই আমরা আলাদা থাকছি। পারসোনাল লাইফ নিয়ে পাবলিকলি কিছু বলতে চাইনি। তবে অ্যানিভার্সারি নিয়ে অনেক ফেক নিউজ দেখলাম, তাই জানাতে হচ্ছে আমরা অনেক দিন থেকেই একসঙ্গে নেই।”

তাহসান জানান, গত বছরের সেপ্টেম্বর মাসে অস্ট্রেলিয়া ট্যুরে যাওয়ার আগেই তারা আলাদা থাকার সিদ্ধান্ত নেন। সেই সময় থেকেই তিনি ফেসবুক ও গান থেকে দূরে রয়েছেন।

রোজা আহমেদ পেশাদার মেকআপ আর্টিস্ট। বাংলাদেশ ও আমেরিকায় এক দশকেরও বেশি সময় ধরে ব্রাইডাল মেকআপে কাজ করছেন এবং নিউ ইয়র্কে তার নিজস্ব প্রতিষ্ঠান রয়েছে।

এটি তাহসানের দ্বিতীয় সংসার। এর আগে ২০০৬ সালে অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলাকে বিয়ে করেছিলেন তিনি। দীর্ঘ ১১ বছরের সেই সংসার ভেঙে যায় ২০১৭ সালে।