বৃহস্পতিবার

,

২৬শে নভেম্বর, ২০২৬

নিজের নাম নিজেই রেখেছিলেন আফসানা মিমি

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

নন্দিত অভিনেত্রী ও নির্মাতা আফসানা মিমি সম্প্রতি জানিয়েছেন, তাঁর ডাকনাম ‘মিমি’ তিনি নিজেই রেখেছিলেন। চকোলেট খাওয়ার প্রতি ভালোবাসা থেকেই এই নামটি বেছে নিয়েছিলেন তিনি। বড় বোন অ্যানির সঙ্গে মিল রেখে তাঁর নাম রাখা হয়েছিল জুনি, আর ভালো নাম আফসানা করিম। বাবা ডাকতেন ‘মিম’ নামে। সেখান থেকেই নিজের আগ্রহে তিনি নামটি চূড়ান্ত করেন। মজা করে আফসানা মিমি বলেন, “আমি বোধহয় পৃথিবীর একমাত্র শিশু, যে কিনা নিজের নাম নিজেই চূড়ান্ত করেছি!”

গত ২০ ডিসেম্বর তাঁর বয়স পূর্ণ হয়েছে ৫৭ বছর। প্রতিবছর জন্মদিনে তিনি ঢাকার ইস্কাটনের হলি ফ্যামিলি হাসপাতালে যান এবং সেদিন জন্ম নেওয়া শিশুদের পরিবারের অজান্তেই কিছু উপহার দিয়ে আসেন। বছরের পর বছর নীরবে এই কাজটি করে যাচ্ছেন তিনি।

সম্প্রতি জনপ্রিয় পডকাস্ট ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’–এর দ্বিতীয় মৌসুমের ষষ্ঠ পর্বে তিনি এই নেপথ্যের গল্প শেয়ার করেছেন। রুম্মান রশীদ খানের সঞ্চালনায় দীর্ঘ এই পর্বে আফসানা মিমি তাঁর জীবনের অনেক না বলা কথা তুলে ধরেন। বিশেষ এই পর্বটি প্রচার হবে শনিবার, ১০ জানুয়ারি রাত ৮টায় মাছরাঙা টেলিভিশন এবং রেডিও দিনরাত ৯৩.৬ এফএম-এ। পডকাস্টটি প্রযোজনা করছেন জেড আই ফয়সাল।