আসন্ন আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে ভারতে না যাওয়ার সিদ্ধান্তে অনড় রয়েছে বাংলাদেশ। বুধবার (৭ জানুয়ারি) আইন ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে বৈঠক শেষে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল এ অবস্থান পুনর্ব্যক্ত করেন। বৈঠকে ভারতের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন ক্রীড়া উপদেষ্টা নিজেও।
বিসিবি সভাপতি বলেন, শুধু ক্রিকেটারদের নয়, কর্মকর্তা, সাংবাদিক, স্পন্সর ও ক্রিকেটপ্রেমীদের নিরাপত্তার বিষয়টিও তাদের কাছে বড় উদ্বেগের কারণ। তিনি উল্লেখ করেন, বিদেশ সফরের জন্য সরকারের অনুমোদন প্রয়োজন হয় এবং নিরাপত্তা পরিস্থিতির উন্নতি না হলে বাংলাদেশ তাদের অধিকারের জন্য লড়াই চালিয়ে যাবে।
মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স থেকে ছেড়ে দেওয়ার প্রসঙ্গ টেনে বুলবুল বলেন, একজন আন্তর্জাতিক মানের খেলোয়াড়ের নিরাপত্তা নিশ্চিত করা যখন কঠিন হয়ে পড়ে, তখন পুরো দল ও সংশ্লিষ্ট ব্যক্তিদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ স্বাভাবিক।
আইসিসি পয়েন্ট কেটে নেবে—এমন গুঞ্জনকে নাকচ করে বিসিবি সভাপতি জানান, বিষয়টি সম্পূর্ণ অপপ্রচার। তিনি বলেন, আইসিসির সঙ্গে যোগাযোগ হয়েছে এবং তারা বাংলাদেশের উদ্বেগগুলো জানতে চেয়েছে। লিখিতভাবে বিষয়গুলো পাঠানো হবে।
বিসিবি সভাপতি আরও বলেন, অতীতে নিরাপত্তাজনিত কারণে ভারত পাকিস্তানে যায়নি এবং পাকিস্তানও এবারের বিশ্বকাপে ভারতে খেলতে যাবে না। তাই নিরাপত্তার প্রশ্নে বাংলাদেশও তার অবস্থানে অনড় থাকবে।
একই সুরে আইন ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল বলেন, বাংলাদেশ কষ্ট করে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে। তবে ক্রিকেটার, দর্শক ও সাংবাদিকদের নিরাপত্তার বিনিময়ে বিশ্বকাপে অংশগ্রহণ করা যাবে না।
অনিশ্চয়তা থাকা সত্ত্বেও বিসিবি জানিয়েছে, বিশ্বকাপের প্রস্তুতি পরিকল্পনা অনুযায়ীই চলছে। দল ঘোষণা করা হয়েছে এবং চলমান বিপিএলকে টি-টোয়েন্টি ফরম্যাটে প্রস্তুতির অংশ হিসেবে দেখা হচ্ছে।




