বাংলাদেশের কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান আইপিএল থেকে ছিটকে গেলেও এবার পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলতে যাচ্ছেন। কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) থেকে বাদ পড়ার পর মঙ্গলবার (৬ জানুয়ারি) রাত ৮টা ৪০ মিনিটে পিএসএলের অফিসিয়াল সামাজিক যোগাযোগমাধ্যমে তার ছবি সংবলিত একটি ব্যানার প্রকাশ করে বিষয়টি নিশ্চিত করা হয়।
পিএসএলের পোস্টে লেখা হয়, “ব্যাটাররা সাবধান… নতুন যুগে আসছেন ফিজ। পিএসএল ১১-এ যোগ দিলেন মোস্তাফিজুর রহমান।” আন্তর্জাতিক ক্রিকেটে এখন পর্যন্ত বাংলাদেশের হয়ে ১৫টি টেস্ট, ১১৬টি ওয়ানডে ও ১২৬টি টি-টোয়েন্টি খেলেছেন তিনি।
আগামী ২৩ মার্চ শুরু হবে পিএসএল, একই দিনে মাঠে গড়াবে আইপিএলের ১৯তম আসরও। এবারের পিএসএলে ছয়টি নিয়মিত দলের পাশাপাশি যুক্ত হচ্ছে আরও দুটি নতুন দল। তবে মোস্তাফিজ এখনও কোনো দলের সঙ্গে চুক্তিবদ্ধ হননি। টুর্নামেন্টটির ড্রাফট অনুষ্ঠিত হবে আগামী ২১ জানুয়ারি।
এর আগে বিসিসিআইয়ের নির্দেশে আইপিএল ২০২৬ আসরের জন্য হঠাৎ করেই কেকেআর মোস্তাফিজকে ছেড়ে দেয়। গত মাসে নিলামে ৯ কোটি ২০ লাখ রুপিতে তাকে দলে নিয়েছিল কলকাতা। কিন্তু বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগে ভারতের বিভিন্ন রাজনৈতিক নেতা ও ধর্মীয় গোষ্ঠীর প্রতিবাদের মুখে তাকে বাদ দেওয়ার নির্দেশ দেয় ভারতীয় বোর্ড।
এ ঘটনায় ভারত-বাংলাদেশ ক্রিকেটীয় সম্পর্ক উত্তপ্ত হয়ে ওঠে। বিসিবি ঘোষণা দেয়, আগামী মাসের বিশ্বকাপ খেলতে তারা ভারতে যাবে না। বাংলাদেশের ম্যাচগুলো ভারতের বাইরে সরিয়ে নিতে আইসিসিকে চিঠি পাঠানো হয়। পাশাপাশি সরকারের তথ্য মন্ত্রণালয় থেকে ঘোষণা আসে বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধ রাখার।
মোস্তাফিজকে ঘিরে এই বিতর্কের মধ্যেই পিএসএলে তার যোগদান বিশ্ব ক্রিকেটে নতুন আলোচনার জন্ম দিয়েছে।




