বৃহস্পতিবার

,

২৬শে নভেম্বর, ২০২৬

ঢাকায় বন্ধুদের আড্ডায় নব্বই দশকের জনপ্রিয় মডেল রিয়া

নিজস্ব প্রতিবেদক
ফারজানা রিয়া চৌধুরী (বামে)। ছবি: সংগৃহীত

নব্বই দশকের আলোচিত মডেল ফারজানা রিয়া চৌধুরী দীর্ঘদিন পর আবারও ঢাকায় এসেছেন। দীর্ঘ সময় ধরে দেশ ও বিনোদন অঙ্গনের বাইরে থাকা এই পরিচিত মুখ বর্তমানে আমেরিকায় স্বামী ও সন্তানদের সঙ্গে স্থায়ীভাবে বসবাস করছেন।

জানা গেছে, গত ২৫ ডিসেম্বর তিনি বাংলাদেশে আসেন। দেশে ফেরার আগে আমেরিকা থেকে সৌদি আরবে গিয়ে পবিত্র ওমরাহ পালন করেন। ঢাকায় অবস্থানকালে সোমবার সন্ধ্যায় সোবহানবাগের একটি রেস্টুরেন্টে ঘনিষ্ঠজনদের নিয়ে আয়োজিত আড্ডায় অংশ নেন তিনি।

ওই আড্ডায় রিয়ার সঙ্গে উপস্থিত ছিলেন রূপবিশেষজ্ঞ কানিজ আলমাস খান, মডেল সাদিয়া ইসলাম মৌ, ফ্যাশন হাউস বিশ্বরঙের স্বত্বাধিকারী বিপ্লব সাহা এবং নৃত্যশিল্পী তান্না খান।

বিপ্লব সাহা জানান, রিয়ার ঢাকায় আসা উপলক্ষে এই আড্ডার আয়োজন করা হয়। তিনি আরও জানান, আগামী ৯ জানুয়ারি পরিবারের সদস্যদের নিয়ে আবার আমেরিকায় ফিরে যাবেন রিয়া। বর্তমানে বিনোদন জগতের সঙ্গে তার কোনো সরাসরি সম্পৃক্ততা নেই। পরিবার ও ব্যক্তিগত জীবন নিয়েই তিনি সময় কাটাতে স্বাচ্ছন্দ্যবোধ করেন।

প্রসঙ্গত, নব্বই দশকে একটি জনপ্রিয় বিজ্ঞাপনচিত্রের মাধ্যমে আলোচনায় আসেন ফারজানা রিয়া চৌধুরী। ‘কী মিষ্টি মিষ্টি অপলক দৃষ্টি’ জিঙ্গেলের সেই বিজ্ঞাপন তাকে রাতারাতি পরিচিত করে তোলে। পরবর্তীকালে অভিনয়ে যুক্ত হলেও বিয়ের পর ধীরে ধীরে শোবিজ থেকে নিজেকে গুটিয়ে নেন এই তারকা মডেল।