বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধের সরকারি নির্দেশনা এবং আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যু নিয়ে অনিশ্চয়তা নতুন উত্তেজনা তৈরি করেছে ক্রিকেট অঙ্গনে। মোস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স থেকে বাদ দেওয়ার পর নিরাপত্তা শঙ্কায় বাংলাদেশ দল ভারতে না গেলে বড় অঙ্কের আর্থিক ক্ষতির মুখে পড়তে পারে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
বাংলাদেশে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সব খেলা ও অনুষ্ঠান সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। সোমবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, কলকাতা নাইট রাইডার্স থেকে বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনায় জনগণ ক্ষুব্ধ হয়েছে। এ অবস্থায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আইপিএল সম্প্রচার বন্ধ থাকবে।
বিসিবি পরিচালক ও সাবেক অধিনায়ক খালেদ মাসুদ বলেন, খেলোয়াড়ের নিরাপত্তা নিশ্চিত না হলে বড় দুর্ঘটনা ঘটতে পারে। একই সঙ্গে তিনি জানান, ক্রিকেটে রাজনীতি আসা উচিত নয়, তবে মোস্তাফিজকে অযৌক্তিকভাবে বাদ দেওয়া বাংলাদেশের জন্য অপমানজনক।
মোস্তাফিজকে বাদ দেওয়ার পর নিরাপত্তা শঙ্কার কারণে আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ইতিমধ্যে আইসিসিকে চিঠি দিয়ে ম্যাচ ভেন্যু পরিবর্তনের অনুরোধ জানিয়েছে বিসিবি। আইসিসি শ্রীলঙ্কায় ম্যাচ আয়োজনের বিষয়ে ইতিবাচক ইঙ্গিত দিয়েছে।
পূর্ব ঘোষিত সূচি অনুযায়ী, ভারতের কলকাতা ও মুম্বাইয়ে বাংলাদেশের চারটি ম্যাচ হওয়ার কথা ছিল। ইডেন গার্ডেন্সে ৬৩ হাজার এবং ওয়াংখেড়েতে ৩৩ হাজার দর্শক ধারণক্ষমতা থাকায় প্রায় ২ লাখ ২২ হাজার টিকিট বিক্রির সম্ভাবনা ছিল। ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে নেওয়া হলে বিসিসিআইয়ের ৭ থেকে ৩০ কোটি রুপি পর্যন্ত আর্থিক ক্ষতি হতে পারে। এছাড়া আইপিএল সম্প্রচার না হলে ভারতের আর্থিক ক্ষতি আরও বাড়বে।
বাংলাদেশ–ভারত ক্রিকেট সম্পর্কের বর্তমান উত্তেজনা নিয়ে খালেদ মাসুদ বলেন, এখানে রাজনৈতিক প্রভাব রয়েছে। তিনি মনে করেন, আইসিসির ওপর বিসিসিআইয়ের প্রভাবের কারণে অনেক সময় ন্যায্যতা পাওয়া যায় না।




