বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর জানিয়েছেন, নবগঠিত সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি পূর্ণাঙ্গ লেনদেন শুরুর প্রথম দুই দিনেই স্থিতিশীলতা বজায় রাখতে সক্ষম হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, এই সময়ে ব্যাংকটি ৪৪ কোটি টাকার নতুন আমানত সংগ্রহ করেছে, যা শরিয়াহ-ভিত্তিক ব্যাংকিং খাতকে স্থিতিশীল করতে সরকারের উদ্যোগের প্রতি গ্রাহকদের আস্থার প্রতিফলন।
প্রথম দুই দিনে ব্যাংকটিতে মোট ১৩ হাজার ৩১৪টি উত্তোলন লেনদেন সম্পন্ন হয়েছে। গ্রাহকরা মোট ১০৭ কোটি ৭৭ লাখ টাকা উত্তোলন করেছেন, যার মধ্যে এক্সিম ব্যাংক থেকে সর্বাধিক ৬৬ কোটি টাকা উত্তোলন হয়েছে। গভর্নর জানান, কিছু শাখায় উত্তোলনের তুলনায় আমানতের পরিমাণ বেশি ছিল, যা নিট পরিস্থিতিকে সন্তোষজনক করেছে।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর জানিয়েছেন, সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের মধ্যে যারা ক্যান্সার ও কিডনি ডায়ালাইসিসের রোগী, তারা পূর্ণ অর্থ উত্তোলনের সুযোগ পাবেন। তিনি বলেন, অ্যাকাউন্ট হোল্ডাররা সরাসরি আবেদন করলে তা প্রসেস করা হবে, তবে আত্মীয়স্বজনের আবেদনে অর্থ তোলা সম্ভব নয়। সার্ভারে তথ্য সংযুক্ত হলে প্রমাণপত্রসহ আবেদনকারীরা সহজেই টাকা তুলতে পারবেন। গভর্নর আরও জানান, শিগগিরই নতুন ব্যাংকের পূর্ণাঙ্গ বোর্ড গঠন হবে এবং চাকরি নিয়ে কোনো উদ্বেগ নেই।
নতুন প্রণীত ‘ব্যাংক রেজ্যুলেশন অধ্যাদেশ’-এর আওতায় মাত্র দুই মাসে পাঁচটি ব্যাংক (এক্সিম, সোশ্যাল ইসলামী, ফার্স্ট সিকিউরিটি, ইউনিয়ন ও গ্লোবাল ইসলামী ব্যাংক) একীভূত হয়ে সম্মিলিত ইসলামী ব্যাংক গঠিত হয়েছে। বর্তমানে সরকারি প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত বোর্ড ব্যাংকটি পরিচালনা করছে। শিগগিরই একজন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট, একজন আইন বিশেষজ্ঞ এবং একজন অভিজ্ঞ ব্যাংকারসহ স্বতন্ত্র পরিচালকদের নিয়ে পূর্ণাঙ্গ বোর্ড গঠনের পরিকল্পনা রয়েছে।
গভর্নর আইটি ইন্টিগ্রেশন ও ফরেনসিক অডিটকে বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেন। তিনি জানান, বাংলাদেশ ব্যাংকের আইটি টিম একীভূত হওয়া ব্যাংকগুলোর জন্য সমন্বিত সিস্টেম তৈরি করছে। পাশাপাশি অতীতের অনিয়ম খতিয়ে দেখতে পূর্ণাঙ্গ ফরেনসিক অডিট পরিচালনা করা হবে। তিনি সতর্ক করে বলেন, অনিয়মে জড়িত কর্মকর্তাদের ছাড় দেওয়া হবে না।
গ্রাহক সুরক্ষায় বর্তমানে ছোট আমানতকারীরা সর্বোচ্চ ২ লাখ টাকা পর্যন্ত উত্তোলন করতে পারছেন। বড় আমানতকারীরাও পর্যায়ক্রমে টাকা তুলতে পারবেন। এছাড়া আমানতকারীরা তাঁদের জমার বিপরীতে ২০ শতাংশ পর্যন্ত ঋণ সুবিধা নিতে পারবেন।
সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির চেয়ারম্যান ড. মোহাম্মদ আইয়ুব মিয়া জানান, গত দুই দিনে গ্রাহকরা সেবা পেয়েছেন এবং কিছু শাখায় জমা দেওয়ার প্রবণতা উত্তোলনের চেয়ে বেশি ছিল। তিনি ঘোষণা দেন, আগামী ১৯ জানুয়ারি ব্যাংকটির আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হবে।
গভর্নর আহসান এইচ মনসুর বলেন, মাত্র কয়েক মাসে পাঁচটি পৃথক প্রতিষ্ঠান থেকে একক কাঠামোতে রূপান্তরিত হয়ে সফল সূচনা সংশ্লিষ্ট প্রশাসক ও কর্মকর্তাদের দক্ষতার প্রমাণ। তিনি আশ্বস্ত করেন, সরকারি মালিকানাধীন হলেও ব্যাংকটি বেসরকারি ব্যাংকের মতো স্বচ্ছতা ও পেশাদারিত্বের সাথে পরিচালিত হবে।




